১০:০৬ পি.এম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আবু বক্কর ওরফে হৃদয় (২৫) নামের এক যুবকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে তার পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। তারা একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
এটি শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, গত ২৬ জুন দুপুরে হৃদয়কে তার বন্ধু সালমান মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২) এবং আরমান মিয়া (২১) মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। এরপর থেকে হৃদয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পরে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, হৃদয় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে পৌঁছালে তারা হৃদয়ের মরদেহ দেখতে পান।
নিহতের স্ত্রী শারমিন আক্তার অভিযোগ করেন, তার স্বামী সড়ক দুর্ঘটনায় নয়, বরং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।
হৃদয়ের বাবা ইউসুফ আলী বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মানববন্ধনে এলাকার মুরব্বি মানিক মিয়া, আমির হোসেন, রিপন মিয়া ও মো. রুমন মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, বন্ধুদের ডাকে যাওয়ার পর হৃদয়ের মরদেহ ফিরে আসার ঘটনা অত্যন্ত রহস্যজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুন: টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ‘পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন