প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গারো পাহাড়ের পাদদেশে, সবুজ বনানী এবং নৈসর্গিক লেকের মধ্যে এবার ধারণ করা হয়েছে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় এই অনুষ্ঠানটির মূল আয়োজন, যা নকশিকাঁথার জন্য পরিচিত সীমান্তবর্তী জেলা হিসেবে পরিচিত।
এবারের পর্বের মঞ্চটি নির্মাণ করা হয়েছে গারো পাহাড়ের পাদদেশে, যেখানে সবুজ বনানী ও নৈসর্গিক লেক ঘেরা লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে সাজানো হয়েছে। পার্কের প্রাকৃতিক পরিবেশ, পাহাড় এবং সবুজের সঙ্গে সামঞ্জস্য রেখে দৃষ্টিনন্দন মঞ্চটি তৈরি করা হয়।
‘ইত্যাদি’র ধারণকে কেন্দ্র করে জামালপুরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে বিতরণ করা হয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সাধারণত রাতের আলোকিত মঞ্চে অনুষ্ঠানটি ধারণ করা হলেও, এবার লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে দিনের আলোতেই ধারণ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই দর্শকরা কানায় কানায় পূর্ণ করে ফেলে পুরো প্রাঙ্গণ। বকশীগঞ্জ ছাড়াও জামালপুরের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে নানা বয়সী হাজারো মানুষ প্রিয় অনুষ্ঠানটি দেখতে আসেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম—কোনোটিই দর্শকদের উচ্ছ্বাসকে দমাতে পারেনি। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় কেউ গাছে উঠে, আবার কেউ পাহাড়ের চূড়ায় বসে অনুষ্ঠানটি উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও করতালি।
এবারের পর্বে দুটি ভিন্ন ধরনের গান পরিবেশন করা হবে। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই এবং তসিবা বেগম, যাদের টেলিভিশন পর্দায় প্রথম আবির্ভাব ঘটেছিল ‘ইত্যাদি’র মাধ্যমেই। গানটির কথাগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
বরাবরের মতো এবারও জেলা পরিচিতিমূলক নৃত্যগীত পরিবেশন করা হবে। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন জামালপুরের সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির কথাগুলো লিখেছেন মনিরুজ্জামান পলাশ এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের পরিবেশনা গানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। উপস্থিত দর্শকেরাও করতালি ও উচ্ছ্বাসে উপভোগ করেন গান দুটি।
‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন দর্শকপর্বের অংশ হিসেবে জামালপুরকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে তারা জামালপুরের চারজন স্মরণীয়-বরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন।
এবারের পর্বে জামালপুরকে ঘিরে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন থাকবে। জেলার অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক ‘নকশিকাঁতা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’র ওপর রয়েছে বিশেষ প্রতিবেদন। জামালপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ নিয়েও থাকছে তথ্যভিত্তিক আয়োজন।
দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে ভিন্নধর্মী প্রতিবেদন। নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার এবং অভাবের কারণে বাল্যবিবাহের শিকার পরিবারগুলোকে নিয়েও মানবিক প্রতিবেদন থাকবে। জামালপুরে জন্ম নেওয়া চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদানও শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হবে।
এ ছাড়া শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের পরিশ্রমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী এবং ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবনসংগ্রামের গল্প নিয়ে একটি অনুপ্রেরণাদায়ক মানবিক প্রতিবেদন থাকবে।
এবারের বিদেশি প্রতিবেদন পর্বে থাকবে চীনের নয়নাভিরাম শহর ‘সুঝৌ’। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা শহরটির ওপর বিশেষ চিত্রায়ন থাকবে। কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপও থাকবে। নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকবে তীক্ষ্ণ ও তীর্যক বেশ কিছু নাট্যাংশ।
এবারের ‘ইত্যাদি’তে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, সাইদুর রহমান পাভেল, আশরাফুল আলম সোহাগ, এমএনইউ রাজু, আনোয়ার শাহী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুর্বনা মজুমদার, সাবরিনা নিসা, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, রাজিব সালেহীন, নিপু, মিরাজ, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানটির জামালপুর পর্ব প্রচারিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন