প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী তার অফিশিয়াল ফেসবুক পেজে সমাজের বিভিন্ন সংঘাত নিরসন এবং প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের উপর একটি সুন্দর বার্তা শেয়ার করেছেন। তার শিক্ষণীয় পোস্টটি নিচে তুলে ধরা হলো—
সব বিরোধের সমাধান শক্তির মাধ্যমে হয় না। কখনো কখনো প্রজ্ঞা, ন্যায়বোধ এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা সংঘাতকে ঐক্যে পরিণত করার সক্ষমতা রাখে। আমাদের প্রিয় নবীজি (সা.) এর একটি অনন্য দৃষ্টান্ত রয়েছে।
বাইতুল্লাহ সংস্কারকাজের সময় হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন করার প্রয়োজন দেখা দিল। কিন্তু প্রশ্ন উঠল— কে এই পবিত্র পাথরটি যথাস্থানে স্থাপনের সম্মানের অধিকারী হবে?
সম্মান পাওয়ার এই আকাঙ্ক্ষা দ্রুতই গোত্রগুলোর মধ্যে তীব্র বিরোধে পরিণত হলো। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাল যে, যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারত। ঠিক সেই সংকটময় মুহূর্তে নবীজি (সা.) একটি প্রজ্ঞাপূর্ণ সমাধান দিলেন।
তিনি একটি চাদর আনিয়ে তার ওপর হাজরে আসওয়াদ রাখলেন। এরপর প্রতিটি গোত্রের নেতাকে চাদরের একেকটি প্রান্ত ধরতে বললেন। সবাই মিলে পাথরটি নির্ধারিত স্থানের কাছে তুলে আনল। পরে নবীজি (সা.) নিজ হাতে তা যথাস্থানে স্থাপন করলেন।
এভাবে সম্মানের অধিকারী হলো সবাই এবং একটি সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাত থেমে গেল। কত সহজেই একটি বিরোধ রক্তপাতের কারণ হতে পারত! অথচ প্রজ্ঞাপূর্ণ একটি সিদ্ধান্ত সবাইকে প্রতিপক্ষের বদলে অংশীদারে পরিণত করল।
সত্যিকারের বিজয় সব সময় অন্যকে পরাজিত করার মধ্যে নেই; কখনো বিজয় হলো এমন একটি সমাধান খুঁজে পাওয়া, যেখানে কেউ পরাজিত হয় না। বরং সবাই শান্তি, সম্মান ও মর্যাদা নিয়ে সহাবস্থান করে।
হাজরে আসওয়াদের সেই ঘটনা আজও শেখায়— ভাঙনের মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের পথ খুঁজে নেওয়াই হতে পারে সবচেয়ে বড় অর্জন।
মহানবী (সা.)-এর জীবনের এই সুমহান ঘটনা আমাদের শেখায় যে, যেকোনো জটিলতা, বিভেদ কিংবা সংকটে শক্তি বা জেদ না দেখিয়ে প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা এবং দূরদর্শিতার পরিচয় দেওয়া উচিত। যদি সবাইকে আস্থায় নিয়ে এবং অংশীদারত্ব নিশ্চিত করে সংকট মোকাবিলা করা যায়, তবে কেবল রক্তক্ষয়ী সংঘাতই এড়ানো যায় না, বরং সমাজ ও রাষ্ট্রে স্থায়ী শান্তি, ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন