০৩:১৫ পি.এম
রাজধানীর উত্তরায় পোশাক শ্রমিকরা ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। পুলিশ বাধা প্রদান করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৯ জন পুলিশ সদস্যও রয়েছেন। পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা শুরু করে।
আজ সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরে সকাল ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অবরোধের চেষ্টা করেন তারা। এই সময় পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেয়।
উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়কে অবস্থানের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। পরে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন