প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি এবং অভিবাসন ও গতিশীলতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশের জন্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
জার্মান রাষ্ট্রদূত সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ-জার্মানি সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও জনচলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
দুই পক্ষ সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন অংশীদারত্বকে আরো বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়। তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বাংলাদেশ-জার্মানি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করে যে, উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন