প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের উদ্দেশ্যে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করছেন। ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে।
সম্মেলনের প্রথম দিনে, ১৯ নভেম্বর, বাংলাদেশে আগত আন্তর্জাতিক প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতিনিধিরা বাংলাদেশের সংসদীয় ঐতিহ্য ও জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানার সুযোগ পান।
পরবর্তীতে রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজায় স্বাগত অনুষ্ঠান ও পরিচিতি পর্বের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরেস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আয়দিন, জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।
সম্মেলনের দ্বিতীয় দিনে, শুক্রবার (২০ নভেম্বর), রাজধানীর হোটেল শেরাটনে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি কয়েকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাবে। সন্ধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারের আয়োজন থাকবে।
সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
সম্মেলনের শেষ দিন, শনিবার (২১ নভেম্বর), ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে বিভিন্ন আলোচনা, ক্যাম্পাস পরিদর্শন ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ‘ঐতিহ্যের হাট’ আয়োজন করা হবে। পাশাপাশি ‘Open Science, AI, and the Future of Academic Research’ শীর্ষক প্যানেল আলোচনা এবং গবেষণা ও জনকল্যাণমূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে আইএইউপির মহাসচিব অধ্যাপক তাতসুরো তানিওকা বক্তব্য দেবেন। ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ধন্যবাদ জ্ঞাপন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিদায়ী মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইএইউপির প্রথম সম্মেলন ১৯৬৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে সংগঠনটি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপন করবে। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব এ আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষার মান ও কার্যকারিতা উন্নয়নে কাজ করে আসছে সংগঠনটি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক অংশীদারত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক শিক্ষা ও গবেষণা সহযোগিতায় দেশের অংশগ্রহণ আরো জোরদার হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন