প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপন, নাটক এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করে আসছেন। তিনি বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ নির্মাণের মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। এই সিনেমাটি বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান করে নিয়েছিল। স্পেশাল মেনশন অর্জন করে তিনি ইতিহাস রচনা করেছেন। তাই, আদনান আল রাজীবের পূর্ণদৈর্ঘ্য সিনেমা সম্পর্কে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।
এখন পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমার আঙিনায় পদার্পণ করেননি এই নির্মাতা। তবে সম্প্রতি তিনি নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। গুঞ্জন উঠেছিল যে, আদনানের প্রথম সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ। কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি। বুধবার (৪ নভেম্বর) নির্মাতা নিজেই জানালেন, তার প্রথম সিনেমার নাম ‘অপলক’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তার স্ত্রী মেহজাবীন চৌধুরী এবং তার বিপরীতে আফরান নিশো জুটি হয়ে কাজ করবেন।
পরিচালক আদনান আল রাজীব এবং মেহজাবীন চৌধুরী স্বামী-স্ত্রী। বিনোদন জগতে তাদের পথচলা অনেক দিনের। এবার আদনান তার প্রথম সিনেমায় স্ত্রী মেহজাবীন চৌধুরীকে নায়িকা হিসেবে নিয়েছেন। যদিও অভিনেত্রীর সিনেমায় অভিষেক অনেক আগে হয়েছে।
এদিকে, আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী ছোটপর্দার অন্যতম সফল জুটি। তারা একসঙ্গে বহু নাটক করেছেন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমাতেও তারা একসঙ্গে কাজ করেছেন। এবার আদনানের সিনেমায়ও এই তারকা জুটি যুক্ত হলেন।
সম্প্রতি ‘অপলক’ সিনেমায় চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে আদনান আল রাজীব বলেন, "আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।"
তিনি আরও বলেন, "আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।"
এ নির্মাতা বলেন, "আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।"
এদিকে, মেহজাবীন চৌধুরীও সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো পোস্ট করেছেন। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, "আমাদের সিনেমা ‘অপলক’ অবশেষে হচ্ছে। সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন