বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ এম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে শ্বাসরুদ্ধ করে ফেলার হুমকি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, মার্কিন যুদ্ধজাহাজে হামলার কড়া প্রতিক্রিয়া হিসেবে ইরানের একের পর এক তেলবাহী ট্যাংকার ধ্বংস করা হবে।
মার্কো রুবিও সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, "মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ইরান বারবার ভুল করছে।" তিনি উল্লেখ করেন যে, এ জন্য তেহরানকে একটি বড় মূল্য দিতে হচ্ছে। তিনি বলেন, "কারণ তারা যতই গুলি চালাক, মার্কিন জাহাজের কোনো ক্ষতি তো করতেই পারছে না, উল্টো তাদের নিজেদের অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকার হারাতে হয়েছে।"
রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যতক্ষণ এই হামলা বন্ধ করবে না, ততক্ষণ তাদের এভাবে মাশুল গুনতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের ব্যবসা বন্ধ করে দিয়ে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল স্ব-স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলও বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহের জন্য অনুরোধ করেছে বিভিন্ন শিক্ষাবোর্ড। এছাড়া, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।
গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। এ কারণে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
এছাড়া, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের নানা অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি নিজের পদ থেকে ইস্তফা দেন। খবর রয়টার্সের।
২০২৪ সালে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বড় দায়িত্ব পান সায়মা ওয়াজেদ। তবে দেশের পটপরিবর্তনের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে।
একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তার বিরুদ্ধে চীন সফরের খরচে জালিয়াতি, ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া এবং অনিয়ম করে জমি বাগিয়ে নেওয়ার অভিযোগ তুলে তদন্ত শুরু করে। এরপর গত জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।
তবে পুতুল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং দীর্ঘদিন বেতন বন্ধ রাখার কারণে তিনি সংস্থার প্রধানের প্রতি সব আস্থা হারিয়ে ফেলেছেন। আর্থিক টানাপোড়েনের কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদে নতুন কাউকে নির্বাচনের পরিকল্পনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না গরম। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
অন্যদিকে, সারা দেশের জন্য গতকাল রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে। ফলে বৃষ্টি হলেও গরমের অনুভূতি খুব একটা কমার সম্ভাবনা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাণিজ্যিক জাহাজে এ যাবতকালের সবচেয়ে বড় পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলার দাবি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর রয়টার্সের।
ছয় মাস ধরে চলা যুদ্ধে নৌপরিবহণের বা বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ক্ষেত্রে এটিই দুই পক্ষের সবচেয়ে বড় পালটাপালটি হামলা বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি।
এসব ঘটনায় একটি ট্যাংকারে থাকা অন্তত একজন নাবিক নিহত ও আরেকজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
ইরান আরও জানিয়েছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জর্ডান বলেছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে। এতে কোনো ক্ষতি হয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সব মার্কিন সেনা নিরাপদে আছেন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে ইরানের ওপর আরও হামলা হলে পালটা জবাবের মাত্রা ব্যাপকভাবে বাড়ানো হবে। একই সঙ্গে সমুদ্রে নতুন করে বড় একটি নিষিদ্ধ এলাকা নির্ধারণের কথাও জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসি বলেছে, শিগগিরই ওই নতুন নিষিদ্ধ এলাকার মানচিত্র প্রকাশ করা হবে। এলাকাটি পাকিস্তানের উপকূলের কাছের চাবাহার পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছে তারা।
এদিকে, ইকুয়েডর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে জানান, সংঘাতের গতিপথ বদলে দেওয়ার মতো কোনো বাহ্যিক সামরিক বা কৌশলগত সহযোগিতা ইরান পাচ্ছে না। মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য ইরানকে প্রতিনিয়ত চড়ামূল্য দিতে হচ্ছে। গত রাতে তেহরান আরও পাঁচটি ট্যাংকার হারিয়েছে। যার মধ্যে চারটি ক্ষতিগ্রস্ত ও একটি সাগরে ডুবে গেছে।
গত এক মাস তুলনামূলক শান্ত থাকার পর এসব হামলা হলো। ওই সময়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে চাপে রাখার চেষ্টা করছিল।
হামলার পর বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম গত জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ