প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালাতে গিয়ে একটি ট্রাককে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করার পর আটক করা হয়। পরে ওই ট্রাকের চালককে সংকেত অমান্য করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ৬ জনকে ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি থামানোর পরিবর্তে পালানোর চেষ্টা করে। পরে ৫ কিলোমিটার ধাওয়া করার পর তাকে আটক করা হয়। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তিনি ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছেন। আইন অনুযায়ী, তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ৫ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
এদিকে, আনন্দ পরিবহণের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে তিন মোটরসাইকেল চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তাদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটও ছিল না।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন