প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ভুক্তভোগী এলাকাবাসীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়, যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে।
অবরোধ কর্মসূচিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালী এলাকার বাসিন্দাদের পাশাপাশি মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কি ও পাকুল্লা এলাকার বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষও অংশ নেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের দাবী, শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো সমাধান না পাওয়ার কারণে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
পরে বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। তাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হয়, তবে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পীযূজ দে সজিব জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিক্ষোভকারীরা সাত দিনের সময় দিয়েছেন, এবং পরে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন