মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৯ পি.এম
মিসরের ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন একটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো আশা করছে যে, ‘মিনা ওয়েস্ট’ নামের এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন সর্বোচ্চ ১৬ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। নতুন এই উৎপাদন দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
রোববার গ্যাসক্ষেত্রটি থেকে উৎপাদন শুরুর ঘোষণা দেয় প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল ও কুয়েত ফরেন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (কুফপেক)। মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রটি ভূমধ্যসাগরে মিসরের নর্থ ইস্ট এল-আমরিয়া কনসেশনের আওতাধীন এলাকায় অবস্থিত। ২০২৩ সালে এটি আবিষ্কৃত হয়। অংশীদার প্রতিষ্ঠানগুলো আবিষ্কারের মাত্র তিন বছরের মধ্যে উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে।
গ্যাসক্ষেত্রটিতে শেলের মালিকানা ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশের মালিক কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন কুফপেকের মিসরীয় সহযোগী প্রতিষ্ঠান। ২০২৫ সালের জুনে গ্যাসক্ষেত্রটির উন্নয়নকাজের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্রুত অবকাঠামো নির্মাণ ও উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
মিনা ওয়েস্ট থেকে উত্তোলিত গ্যাস পরিবহনের জন্য সাত কিলোমিটার দীর্ঘ নতুন একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এই পাইপলাইন গ্যাসক্ষেত্রটিকে বিদ্যমান ওয়েস্ট ডেল্টা ডিপ মেরিন অবকাঠামোর সঙ্গে যুক্ত করেছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস বুরুল্লুস প্রক্রিয়াকরণ কেন্দ্রে পৌঁছাবে। সেখানে প্রক্রিয়াজাত করার পর তা মিসরের জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।
শেল ইজিপ্টের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি চেয়ার ডালিয়া এলগাবরি বলেন, "আবিষ্কারের মাত্র তিন বছরের মধ্যে গ্যাসক্ষেত্রটিতে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, শুরু থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকায় প্রকল্পের কাজ দ্রুত এগিয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে মিসরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ইজিপশিয়ান ন্যাচারাল গ্যাস হোল্ডিং কোম্পানি (ইজিএএস) এবং কুফপেকের সহযোগিতায়।
গ্যাস আমদানির নির্ভরতা কমাতে উদ্যোগ
মিসরে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন কমেছে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে জ্বালানির চাহিদা বেড়েছে। ফলে চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে দেশটিকে। নতুন গ্যাসক্ষেত্রের উৎপাদন শুরু হওয়াকে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মিসর সরকার অনুসন্ধান, নতুন বিনিয়োগ এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ দেশটির দৈনিক প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রায় ৪২০ কোটি ঘনফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদার ব্যবধান কমানো এবং আমদানিনির্ভরতা হ্রাস করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নতুন মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রের উৎপাদন দেশটির জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে কতটা ভূমিকা রাখে, সেটি এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, রয়টার্স, শেল ইজিপ্ট, কুফপেক ও আল-আহরাম অনলাইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেশ কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলন গাজীপুর সদর, কোনাবাড়ি, কাশিমপুর, সদর উপজেলার রাজেন্দ্রপুর ভবানীপুর, বাঘেরবাজার ও সালনা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সীমাবদ্ধ ছিল। তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাক শ্রমিকদের আন্দোলন টঙ্গীতে প্রবেশ করে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ টঙ্গী শিল্পাঞ্চলের দুটি গার্মেন্ট বন্ধ ঘোষণা করে। এর ফলে গাজীপুর-২ শিল্পাঞ্চলে ৩০টিরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের কারণে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে শ্রমিকেরা গাছা এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় প্রবেশ করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে চলমান শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের রাস্তায় নামানোর চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই অবস্থায় টঙ্গী এলাকায় হুপলোন গার্মেন্ট এবং স্যাটান গার্মেন্ট কর্তৃপক্ষ তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম সেবা) বেলা ১টায় কালের কণ্ঠকে বলেন, ‘এই পর্যন্ত আমার নিয়ন্ত্রণাধীন ৩০টির বেশি কারখানায় ছুটি বা বন্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গীর এরশাদ নগর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দলীয় নীতি-আদর্শ মেনে সঠিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই দলকে শক্তিশালী করতে হবে। রাজনীতি সঠিক না থাকে, কেবলমাত্র দলীয় শক্তি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ হাসিনার পতন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দিবস উপলক্ষে তিনি বলেন, ৭৫’র সিপাহী-জনতার মধ্যদিয়ে দেশ আর সেনাবাহিনীতে শান্তি-সংহতি ফিরে আসে। সেই সংহতির পথ ধরেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসনের বিরুদ্ধে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেন।
তিনি রাজনৈতিক প্রশিক্ষণের পাশাপাশি দলীয় চর্চার পাশাপাশি সঠিকভাবে রাজনৈতিক চর্চর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় জহির উদ্দিন স্বপন ৭৫’র সিপাহী-জনতার বিপ্লব, সেনাবাহিনীর বন্দিদশা থেকে জিয়াউর রহমানের মুক্তিলাভ এবং পরবর্তী জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ঘটনা উল্লেখ করেন।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগের বিরোধীতা করার জন্যই বিএনপি’র জন্ম হয়নি। বিএনপি’র জন্ম হয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য। বিএনপি’র জন্ম হয়েছে ব্যর্থ, অযোগ্য নেতৃত্ব আর নৈরাজ্য থেকে দেশ-জাতিকে রক্ষার জন্য। বিএনপি’র জন্ম হয়েছে একটি স্থিতিশীল, শান্তিকামী, স্বাধীন সার্বভৌম, স্বকীয়, স্বনির্ভর, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য।
তিনি বলেন, বিএনপি করতে হলে জিয়াকে জানতে হবে, জানতে হবে জিয়ার রাজনৈতিক দর্শন-আদর্শ।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম বলেন, দেশের বাইরে থাকলেও প্রবাসে থেকে দলীয় কর্মসূচি, বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন নেতাকর্মীরা। বিশ্বাস করি দল এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার এই ভূমিকার কথা স্মরণ রাখবে। আবারও পতিত আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এদেরকে সর্বশক্তি দিয়ে আমরা মোকাবিলা করবো। কারণ তারেক রহমানের নেতৃত্বে চলা বাংলাদেশে আর সন্ত্রাস ফিরতে দেয়া হবে না।
প্রধান বক্তা নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার কথা বলেছেন। কারণ আওয়ামী লীগ আবারও সন্ত্রাসের মাধ্যমে দেশে বিদেশে দেশের সুনাম নষ্টের পায়তারা করছে। সম্মিলিতভাবে এদের মোকাবিলা করা হবে।
নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সহ সভাপতি আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাস-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম ও সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী ও যুক্তরাষ্ট্র মহিলা দলের সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতকরেন মোহাম্মদ আশিকুল হক।
সভায় আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা সহ এমলাক হোসেন ফয়সাল, আব্দুর রহিম, রুহুল আমীন নাসির, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, এজিএম জাহাঙ্গীর, নাসির উদ্দিন, সুয়েব আহমেদ, মানিক উজ্জামান, মোহাম্মদ লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, দুলাল রহমান, কবির ফারুক প্রমুখ।
সভায় নরসিংদী জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্ন, পিরোজপুর জেলা মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি আক্তার সহ নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাকে গ্রেপ্তার করে। আলোচিত এই নেতা ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দ্বিতীয় মেয়াদে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। এর ফলে ২০২০ সালে মেয়র নির্বাচিত শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার মধ্যে ‘প্রকাশ্য বিরোধ’ সৃষ্টি হয়।
কেন? কেন?
২০২১ সালে সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ তার স্ত্রী, মা ও বোনের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশনা প্রদান করেন আদালত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র তাপসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উত্তেজিত কণ্ঠে খোকন বলেন, ‘আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই? বারবার শুধু আমার উপরই? কেন? কেন? রক্ত দিয়েছে আমার বাবা। জীবন দিয়েছি আমরা। এই সংগঠনের জন্য। এই শহরের মানুষের জন্য। এই দেশের মানুষের জন্য। অপমান হওয়ার জন্য? আইনি মোকাবিলা করব। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।’
তিনি অভিযোগ করেন, ‘আজকে এই শহরে মোড়ে মোড়ে একটা ব্যাগ নিলে চাঁদা তোলা শুরু করে। একটা স্লিপ দিয়ে দেয়। দেয় কি দেয় না বলেন?’ এ সময় উপস্থিত অনেকে ‘দেয়’ বলে চিৎকার করে ওঠেন। উপস্থিত ব্যক্তিদের কথার রেশ ধরে সাঈদ খোকন আরও বলেন, ‘আমি কী বলব? আরে মানুষের কথা শোনেন। আমি লক্ষ লক্ষ ব্যানার, ফেস্টুন ফেলে দিয়েছিলাম। পরিষ্কার করেছি। আজ সিটি করপোরেশন তার নিজের নামে ব্যানার ফেস্টুন লাগায়।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বক্তব্য
দেশে প্রথমবারের মতো ২০১৯ সালে এক লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন সাঈদ খোকন। আর ২০২৩ সালে তিন লাখের বেশি রোগী শনাক্তের বছরে মেয়র ছিলেন তাপস।
এ নিয়ে ২০২৪ সালের মে মাসে তাপস দাবি করেন, ২০১৯ সালের তুলনায় গত বছর (২০২৩) ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে। পরে মিট দ্য প্রেসে সাংবাদিকদের ডেকে সাঈদ খোকন বলেন, “বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৯ এর তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার কম। আমি ভদ্রতার জন্য কারও নাম উল্লেখ করছি না। তবে এ ধরনের অপপ্রচার করা হলে আমি কষ্ট পাই, ব্যথিত হই।”
তাপসের নাম উল্লেখ না করেই তাকে উদ্দেশ করে ‘খোঁচা’ দেন খোকন। তিনি বলেন, ‘আমরা একে অপরকে দোষারোপ না করি।’
উল্লেখ্য, সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিশেষ করে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা ও অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই সঙ্গে গুলশানের ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।
সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের এককভাবে কর ফাঁকির অভিযোগ ৯৪ কোটি ২০ লাখ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামের তিন যুবক মুক্তি পেয়েছেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের বেনাপোল ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
তাদের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার উদ্দেশ্যে ২০২১ সালে দেশ ছাড়েন জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের সোনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) এবং রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)। কিন্তু দালালের প্রতারণার কারণে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পূর্বেই ১০ আগস্ট দিল্লি বিমানবন্দরে তারা আটক হন। আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে তিন যুবকের জন্য ৮ বছরের কারাদণ্ড হয়। পরে তাদের ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে পাঠানো হয়। ভারতের জেলে থাকার খবরটি প্রকাশিত হলে, তাদের পরিবার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করে। আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ৫ বছর ২ মাস কারাভোগের পর গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান শাওন হাসান, মমিন মিয়া ও মেহেদী হাসান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছান।
ভুক্তভোগী শাওনের বাবা রেজাউল করিম বলেন, "দীর্ঘ কারাভোগের পর আমার ছেলেসহ ৩ জন আজ দেশে ফিরেছেন। ইতোমধ্যে তারা বেনাপোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।" তাদের ফেরার খবর জানার জন্য পরিবারসহ স্বজনরা অপেক্ষা করছেন। একই সঙ্গে তিন পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ