প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে, শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। এরপর ভিসির কার্যালয় চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধন করা ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর ধারাবাহিকতায় এই কর্মসূচি পালন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং এস্টেট ব্যবস্থাপক ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে যেসব দাবি জানানো হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করা হলে ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও কার্যকর হবে। বিশেষ করে ক্যাম্পাসের প্রতি ১৫০ থেকে ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ন্যূনতম একটি করে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনে মাসে অন্তত দুইবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ভিসি মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে আমরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘এর আগে গত ৪ আগস্ট ভিসি বরাবর আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম, সেখানে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নিশ্চিত করাসহ যেসব সুনির্দিষ্ট দাবি জানিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নের বিষয়েও আমরা প্রশাসনকে তাগিদ দিয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা আমাদের সাংগঠনিক পরিসর থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের নিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করলে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব।’
তিনি আরও জানান, ‘আমাদের হল শাখাগুলো আগামীকাল থেকে নিজ নিজ প্রশাসনের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনা করবে। পাশাপাশি হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।’
ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ভবন ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা পর্যায়েও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। আগামীকাল থেকে হল প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও আলোচনা এবং আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। প্রয়োজন হলে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন