প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় আল-আমিন সৈকত গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল-আমিন সৈকতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভৈরবজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন