ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিস্টার পি’র পার্সেল ডেলিভারি সংকীর্ণ প্যাসেজ পেরিয়ে সম্পন্ন


মিস্টার পি’র পার্সেল ডেলিভারি সংকীর্ণ প্যাসেজ পেরিয়ে সম্পন্ন

মিস্টার পি জানত না, এই যাত্রায় তার জন্য কী আশ্চর্য চমক অপেক্ষা করছে। অফিসের লাইন-ম্যানেজার তাকে বলেছিলেন যে, "খুব জরুরি একটা নমুনা পার্সেল পল্লবীতে একজনের কাছে পৌঁছে দিতে হবে, এবং এক্ষণই।" সে মেট্রোরেল ব্যবহার করে যাতায়াত করে। তার বাসা থেকে জায়গাটির দূরত্ব মাত্র তিনটি স্টেশন। কাজ শেষে তাকে অফিসে ফিরতে হবে না। টিফিন পিরিয়ডে স্কুল ছুটি হয়ে যাওয়ার মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তাছাড়া বাড়তি যাতায়াত বিলও দেওয়া হচ্ছে।

রুটটি ভাবতে ভাবতে সে কাগজে রেখাচিত্র এঁকে ফেলে। একটি রেললাইন ধরে ট্রেনের মতো কলমটি এগিয়ে যাচ্ছে দক্ষিণের শুরুর স্টেশন থেকে। পল্লবীতে বাম পাশের প্ল্যাটফর্মে ট্রেনের দরজাগুলো খুলে যায়। সংকীর্ণ প্যাসেজটি পেরিয়ে ডান পাশের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। এরপর আরেকটি রেললাইনে উত্তর থেকে আসা ট্রেনে তিনটি স্টেশন পিছিয়ে কাজীপাড়া নামবে। মাঝে চলন্ত সিঁড়ি দিয়ে একটি ফ্লোর নামা-ওঠা মাত্র। আশ্চর্য হয়ে পি লক্ষ্য করে, নকশার মাথায় বড় হাতের পি বর্ণের মতো একটি গিঁট তৈরি হয়েছে। এটি তার প্রতীকী নামের মতো।

সে নিজেকে মনে করে একটি ‘পি’। জীবনভর সে কিছু ‘পি’ উৎপাদন করেছে। ছোট হাতের টানা অক্ষর। একটি দাগ ওপর দিকে উঠে সোজা নিচে নেমে গেছে, আবার মাঝামাঝি জায়গায় উঠে এসে ডানে একটু ঝুঁকে অর্ধবৃত্ত করেছে কলমের প্রান্ত। বিকাশমান বপুর দিকে তাকিয়ে নিজেকে ওই বর্ণের মতোই মনে হয় তার। শহরের উত্তরের স্টেশন ছেড়ে আসা শেষ ট্রেন মিরপুর পেরিয়ে যাওয়ার প্রায় বিশ মিনিট পর দক্ষিণের স্টেশন থেকে শেষ ট্রেনটি আসে। এতটা সময় একপাশের প্ল্যাটফর্মে দৃশ্যহীন দাঁড়িয়ে থাকতে হয়।

আরও পড়ুন: বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন: আবহাওয়া ও স্মৃতির প্রভাব

পার্সেলটি পৌঁছে দিয়েছিল সংকীর্ণ প্যাসেজ থেকে বের না হয়েই। কাজীপাড়া নেমে স্টেশনে অটোম্যাটিক ফেয়ার কালেকশন গেটের ভেন্ডিং মেশিনে র‌্যাপিড পাস স্পর্শ করতেই সে আশ্চর্য হয়ে যায় যে, তার নিত্য দিনের বাসায় ফেরার ভাড়া কেটেছে! স্টেশন গুনতিতে ভাড়াটি অন্তত ত্রিশ টাকা কম। মানে টিভিএম প্রতিবার প্রবেশ ও বের হওয়ার পাঞ্চ কাউন্ট করেছে মাত্র! মাঝে সংকীর্ণ প্যাসেজ দিয়ে কত স্টেশন আগ-পিছু করেছে সেই হিসাব রাখেনি!

সেদিনের পর অফিস যেন একটি ছদ্মবেশী উপকারের সুযোগ পেয়ে বসে। বাড়তি কুরিয়ার খরচ ধরিয়ে তাকে ছুটি করে দিত। এতে শহরের যে কোনো কুরিয়ার সার্ভিসের চেয়ে দ্রুত পার্সেল পৌঁছে যেত। কয়েক ঘণ্টার মধ্যেই! প্রতিবার কল্পনায় সে রুট প্ল্যান এঁকেছে এবং নিজের অজান্তেই একটি পি বর্ণের পত্তন করেছে।

অল্পদিনের মধ্যেই মিস্টার পি পার্সেল ডেলিভারিতে অভ্যস্ত হয়ে উঠছিল সব দিক থেকেই। কিছু কিছু দুপুরে খাবারের পর সে উসখুস করত, কখন লাইন ম্যানেজার তাকে ডেকে একটি পার্সেল ধরিয়ে কাপট্য না লুকিয়েই বলবেন, "এক্ষণই পৌঁছে দিতে হবে!" সে চেষ্টা করত, অফিসের ব্যস্ততা দেখিয়ে গ্রহীতাকে স্টেশনে এসে পার্সেলটি নিতে রাজি করাতে। এতে দ্বিগুণ লাভ হতো তার। সে যে ডেলিভারি বয় নয়, বিশেষ অনুরোধে বা কোম্পানির জরুরি প্রয়োজনে এসেছে, সচঞ্চল ভঙ্গিতে বিষয়টি অতিকথনে বারবার বোঝানোর চেষ্টা করত। একটু তাড়া থাকায় বা জরুরি কাজে প্যাসেজের ভেতর থেকেই পার্সেলটি ধরিয়ে দিতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করতেও ভুল হতো না। কখনও কখনও গ্রহীতা ওই স্বল্প সময়ের মধ্যেই তাকে স্টেশনের নিচে নেমে আপ্যায়নের আহ্বান জানাত। মিস্টার পি মৃদু হেসে অপারগতা প্রকাশ করে আত্মবিশ্বাসের সঙ্গে কোম্পানির কার্যালয়ে যাওয়ার কথা বলত। সে কোনোভাবেই বুঝতে দিতে চাইত না যে, প্যাসেজ থেকে একবার বেরিয়ে গেলে পারাপারের সুবিধা শেষ হয়ে যাবে।

শুরুতে ট্রেনের শিডিউল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকলেও ক্রমেই সময় সীমা বাড়ছিল। তার সঙ্গে কীভাবে যেন মিস্টার পির কাজের সময়ও বেড়ে যাচ্ছিল। কখনও স্বেচ্ছায়, কখনও নির্দেশে। শিশুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এক পাশে সিঁথি তুলে ফেলার মতো, একদিন শিশু জানতেই পারে না, কখন তা একটি স্থায়ী ব্যাপার হয়ে গেছে। তবে সে মনে করতে পারে, কতবার কর্তৃপক্ষকে দেওয়া সহকর্মীদের অভিযোগে ক্ষুব্ধ হয়ে সে আগেভাগে অফিসে গেছে, কিন্তু ফেরার সময়টাই কেবল প্রলম্বিত হয়েছে একটু একটু করে। এতে দীর্ঘ সময় কেটে গেছে অফিসে। আসলে অফিসে প্রবেশের পাংচুয়ালিটি নয়, বরং প্রতিদিন কে কত ঘণ্টা বেশি থাকে, তার একটি প্রতিযোগিতা চলে সহকর্মীদের মধ্যে। যেন বাড়তি শ্রম বাড়তি নিশ্চয়তা আনবে এই আশায় চেয়ারে লেগে থাকে পিঠের চাপায় মৃত ডাস পোকার মতো।

আরও পড়ুন: শিশু দিবসে সদরঘাটে পথশিশুদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের আয়োজন

চাকরির শুরুতে কিছুদিন পাবলিক রিলেশনের কাজে সাপোর্ট দিত মিস্টার পি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘনিয়ে আসায় প্রসাধনী ও ব্যক্তিগত সৌন্দর্য চর্চার দামি যন্ত্রপাতি আমদানিকারক কোম্পানিটির তখন বিস্তর কাজ। তাই তাকে মিস্টার পিআর বলে সম্বোধন করত সহকর্মীরা। পরে তা আরও সংক্ষিপ্ত হয়ে দাঁড়িয়েছে মি. পি। ডেস্ক স্থির হওয়ার পরও তা থেকে গেছে। এর মধ্যে প্যাঁচানো পি অক্ষরটির মতোই কর্মক্ষেত্রে তার অবস্থা একবার ওপরে ওঠে আবার পায়ের দিকে নেমে যায়। শেষে কোমরের কাছাকাছি এসে ব্যাপারটি স্থির হয়ে ঝুলে থাকে। সহকর্মীরা যখন খানিকটা তাচ্ছিল্য মিশিয়েই তাকে মিস্টার পি ডাকে, সে নিজেকে আবিষ্কার করে মাঝামাঝিতে ঝুলে থাকে মানুষ হিসেবে।

অফিসের পরিবেশ বুঝে না ওঠার অজ্ঞতায় সেইবার অফিস-অ্যানিভার্সারিতে কোনো এক অলক্ষুণে মুহূর্তে সে আবৃত্তি করেছিল জীবনানন্দ দাশের ‘বোধ’ কবিতাটি। ব্যাপারটি বুঝে ওঠার আগেই একেবারে ধন্য ধন‍্য হয়ে গিয়েছিল। হাউস থেকেই তখন দাবি উঠেছিল আরও একটা আবৃত্তির, অবশ্যই স্বরচিত। ফেসবুকে রিল দেখে উৎসাহী হয়ে পাইরেসি প্রিন্ট আর নিম্নমানের অনুবাদে করপোরেট মোটিভেশনের বই পড়া সহকর্মীরা অজ্ঞেয় নিশ্চয়তায় বলেন, "এমন আবৃত্তির কণ্ঠ যার তিনি নিশ্চয়ই গোপনে কবিতা লেখেন।" পুনঃ পুনঃ দাবির মুখে মুঠোফোন ঘেঁটে পি বের করে হারিয়ে যাওয়ার শঙ্কায় তুলে রাখা ছাত্রবেলার ডায়েরির একটি পৃষ্ঠার ছবি। আবৃত্তি করে "দুর্লভ এক সহজ মৃত্যু প্রেম।"

সেদিনের পর থেকেই অফিসে তার যে কোনো ভুল ‘কবি’ মর্যাদায় তিরস্কৃত হতে থাকে। অফিসের এক কর্তা তো বলেই দিলেন, "ওকে দিয়ে কী কাজ হবে? ও তো কবি!" তার ইয়ার ইনক্রিমেন্ট আটকে যাওয়ার কারণ হয়তো কবি হওয়া নয়। তবে তাকে অপদস্থ করার মোক্ষম হাতিয়ার হয়ে গেল এই অনাদরণীয় খেতাবটি। সিনিয়র স্টাফদের কেউ যখন উপহাস লুকিয়ে বলত, "মিস্টার পি কবিতা লেখা কেমন চলছে?" তাই পার্সেল দেওয়ার দুপুরে অফিস থেকে বেরুতে পেরে মানসিক স্বস্তি পেত সে।

রেললাইনের অনেক পিলারের ফাটলের খবর ছড়িয়ে পড়ার পর পুরো প্রকল্প নিয়ে সবাই যখন বিগত সরকারের বিপুল দুর্নীতির অভিযোগ তুলছে, পি এসব পার্সেল পৌঁছানোর অনন্যোপায় যাত্রা বলে উপেক্ষা করে যাচ্ছিল। ইতোমধ্যে কয়েক মাস পেরিয়েও গেছে। শুরুতে হাতখরচ ধরনের মনে হলেও এখন বাড়তি উপার্জনের ওপর একটি নির্ভরতা তৈরি হয়েছে তার। যেভাবে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে যাওয়া একটি শহরের গলির ভেতর দাঁড়িয়ে বহুতল ভবনের উচ্চতায় চলে যাওয়া মেট্রো ট্রেনকে বাড়তি উজ্জ্বল দেখায়।

আরও পড়ুন: বিশ্ব শিশু দিবসে নদীপাড়ের শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের আনন্দ পাঠশালা

পল্লবী পার হওয়ার পর একসঙ্গে ভেসে ওঠে সমান উচ্চতার গুচ্ছ ভবন। বিপুল জায়গাজুড়ে ফাঁকা মাঠ। কোথাও অযত্নে বেড়ে ওঠা সবজি খেত। ট্রেনের জানালা দিয়ে দেখা জায়গাটি তার কাছে গ্রামের বিহ্বলতা নিয়ে আসে। অনাবাদি জমির পাশে দীর্ঘ জায়গাজুড়ে জলাভূমি আর ঊষর লেক চলে গেছে ঈশান থেকে পশ্চিমে। জলাভূমির ওপর দিয়ে দক্ষিণে অনেকদূর দৃষ্টি যায়। উন্মুক্ত। মাঝে মাঝে নির্মাণাধীন ভবন বর্ধিষ্ণু শহরের চিহ্ন বহন করে। এমন জায়গা শহরের মধ্যে এখনও আছে ভাবা কঠিন। ট্রেনের যাত্রীরা বলাবলি করছিল, "জায়গাটা বহু আগেই সেনা আর আবাসন ব্যবসার আয়ত্তে চলে গেছে। হয়তো কোনো বড় প্রকল্প হবে, নইলে এটা থাকার কথা না।"

বিজয় সরণি থেকে ফার্মগেটের মাঝের দূরত্বে সংসদ ভবন এলাকায় উদ্যানের মতো ছোট্ট জায়গাটুকুতে জানালা দিয়ে দেখা দীর্ঘ দেবদারু মাথা কখনও লাতভিয়ার কেসিস বা সিগুলদা শহরের কোনো ঝাউ বনের ভেতর দিয়ে যাওয়ার শান্ত রোমাঞ্চ অনুভূতি এনে দেয়। পি লক্ষ করেছে, পথের একটি জায়গায় ফোনে ইন্টারনেট সংযোগ অত্যন্ত নিচে নেমে যায়। অনলাইনে গানও শোনা যায় না। এক পার্সেল গ্রহীতাকে ফোনে সংযোগ না পেয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করছিল, যেন স্টেশন থেকে পার্সেলটি নিয়ে যান। একই বিনীত অনুরোধে ক্রমাগত সুবিধা পেয়ে সে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। কিন্তু এবার লোকটি প্রথমে অস্বীকার করে। বলে, "বাসায় দিয়ে যান।"

–"আসলে, আমার একটু ব্যস্ততা ছিল কিনা, তাই…"

–"আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন? এর জন্য আপনাদের বাড়তি চার্জ দেওয়া হয়েছে।"

আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় পর্যটনকেন্দ্রে আটকে পড়লে জরুরি পরামর্শ

–"আসলে, আমি তো আসলে কুরিয়ারের লোক না, অফিস থেকে বলায় নিয়ে এসেছি।"

–"সেটা আপনার কোম্পানিকে বলুন। আমি তো শহরের যে কোনো কুরিয়ারের চেয়ে চার গুণ বেশি টাকা দিয়েছি। তিন ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে দেওয়ার কথা। এখন তো আমি এসব কথা শুনব না!"

নৈঃশব্দ্যে ডুবতে না দিয়ে লোকটি একটু থেমে আবার আওয়াজ তোলে, "আমার বাসায় না উঠলেও গেটে দারোয়ানের কাছে পার্সেল রেখে যাবেন, উইদাউট এক্সকিউজ।"

মিস্টার পি ভড়কে গেল কথা শুনে। কুরিয়ারের টাকার অর্ধেকটা কারও পকেটেই থেকে যাচ্ছে, বুঝতে বাকি থাকে না। অপমানে, লজ্জায় নিজেকে প্রতারিত ভাবতে ভাবতে পার্সেলটি পৌঁছে দেয় লোকটির বাসার গেটে।

আরও পড়ুন: বেলা শেষে মাছ বিক্রেতা জসিমের ভালোবাসায় ফিরে আসে বক

ওই রাতেই সে একটি দুঃস্বপ্ন দেখে। কলেজ বেলার পরীক্ষার হলে গণিত পরীক্ষার দিনে ভুলে ভূগোল প্রশ্নের উত্তর লিখেছে আর তার পরীক্ষক সেই লাইন ম্যানেজার।

পরদিন কুরিয়ার চার্জের প্রসঙ্গটা তুলতেই কোনো ভণিতা ছাড়াই তার লাইন ম্যানেজার জানায়, "পার্সেলগুলো আসলে কোম্পানির কিছু নয়। কোম্পানির অফিসার ও মার্কেটিং সেকশনের জন্য দেওয়া সৌজন্য সংখ্যা। কয়েকজন কলিগ ফেসবুকে পেজ খুলে বিক্রি করছেন। এই যে আগে আগে অফিস থেকে বের হওয়া, নিজের বাসায় ফেরার পথের আশপাশের এলাকার পার্সেলগুলো বেছে নিতে পারা, শহরে কুরিয়ার খরচের কয়েকগুণ পকেটে পোরার ব্যবস্থা করা, এসব নিতান্তই লাইন ম্যানেজারের বদান্যতা। পি ডেলিভারি না করলে কোম্পানির বহুলোক আছে স্বচ্ছন্দে করে দেবে।" বজ্রপাতে স্তব্ধ হয়ে যাওয়ার মতো কথাগুলো শুনছিল।

কে যেন বলেছিল, সঙ্গমের সময় দুঃখের স্মৃতি মনে করলে রতিকাল দীর্ঘ হতে পারে। এক সহকর্মী বলেছিল সৌদির মরুভূমিতে পশু খামারে সে কাজ করেছে, বালুর গভীরে মোটা শিকড়-ছাড়া হাগড়ার মতো কাঁটাওয়ালা গাছ দুহাতে টেনে তুলেছে, বেদুইনদের মতো পশুর পাল নিয়ে চলে গেছে এক স্থান থেকে আরেক স্থানে, দিনে রোদে পুড়েছে আর রাতে পাতলা তাঁবুর নিচে হিম শীতে কেঁপেছে। বাড়ির সঙ্গে কোনো যোগাযোগই ছিল না প্রায়। পরে দেশে ফিরে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় সেইসব দুঃসহ স্মৃতিকে টেনে এনেছে, ফলও পেয়েছে অভাবনীয়। মিস্টার পি মনে করতে পারে, তার এমন দুঃসহ যন্ত্রণার স্মৃতি নেই। যাও আছে তা রীতিমতো অবদমনের। ভিন্ন অবলম্বন হিসেবে সে মনে করার চেষ্টা করে দেখেছে, তার কেবল সহকর্মীদের মুখ মনে পড়ে। তখন উত্তেজনা থিতিয়ে আসে, ধিয়ান ভেঙে যায়। যে কারণে কর্মস্থলে অস্থির দিনগুলোতে স্ত্রীর সঙ্গে আদরবিহীন রাত কাটে তার।

হঠাৎ শহরের বিভিন্ন জায়গা আর স্টেশন এলাকায় ঘন ঘন বিস্ফোরক দ্রব্য পাওয়ার পর মেট্রোযাত্রীদের নজরদারিও বেড়েছে। আগে নিতান্তই কার্ড পাঞ্চ করে সংকীর্ণ প্যাসেজের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যেত, এখন তা জরিমানার আওতায় আনা হয়েছে। এর মধ্যে একদিন চলন্ত অবস্থায় ট্রেনের কয়েকটা বগির দরজা খুলে গেল। নাগরিকমাত্রই জানে, ব্যাপারটা হয়তো কিছুই হতো না, কেবল যান্ত্রিক ত্রুটি বলে একটি বিবৃতি দেওয়া ছাড়া, কিন্তু উৎসাহী মিডিয়াগুলো একে নাশকতার সম্ভাবনার সঙ্গে, আর সরকার দলের নেতারা একে ক্রমবর্ধমান রাষ্ট্ররোধী আন্দোলনের সঙ্গে জুড়ে দিল। এলো তদন্ত কমিশন। তখন থেকেই যাত্রীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। অঘটন যেন সব একসঙ্গে ঘটতে শুরু করল মিস্টার পির বিরুদ্ধে।

আরও পড়ুন: শীতের আগমনী বৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগে যেতে পারেন যেসব জায়গায়

দুর্দমনীয় টানে কারও দিকে ছুটে গিয়ে বারবার হতাশ হয়ে ফিরে আসার পর যাকে ‘মানসিক দুর্বলতা’ বলে তিরস্কার করে নিজেকে সংযত রাখার চেষ্টা চালায়, তেমনি এক কৌশলে নিজেকে সংসারে বেঁধে ফেলেছে মিস্টার পি! পরস্পর সেই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে! আঁধার ঘরে হিসহিস শব্দের মতো–সে কি সাপ, না নিজের শ্বাস, তা মীমাংসা করা হয়নি, এতটাই রুদ্ধশ্বাস যাপন তাদের। দাম্পত্যে তিক্ত-মধুর সম্পর্ক কখনও কখনও তাকে স্ত্রী সম্পর্কে পরকীয়ার সন্দেহ থেকে মুক্ত রাখে মনে করে। যেভাবে স্ত্রীর প্রতি টান অনুভবকে কখনও বয়স বাড়ার ফলে তৈরি হওয়া দুর্বলতা কিনা মনে করে সব সময় বাড়তি সতর্ক থাকতে চায়। যেভাবে পার্সেল ডেলিভারিতে আগের দিনের তিক্ততা লুকিয়ে রেখে প্রতিদিন নিজেকে ট্রেনের ভেতর তুলে দিত নতুন উৎসাহে। ট্রেনগুলো এতটাই একরকম যে, গতকালের ট্রেনেই আবার চড়েছে কিনা বোঝা যেত না।

এমন দিনেই মিস্টার পির জীবনের সব চেয়ে বড় অঘটনটি ঘটল। তার র‍্যাপিড পাস কার্ডটি দ্বিতীয়বারের মতো চেকিং মেশিনে আটকে দিল অতিরিক্ত সময় স্টেশনে থাকার জন্য। আগের মতোই দুঃখ প্রকাশ করে পার পেতে চাইছিল, এবারও শ দুয়েক টাকা জরিমানা দিতে রাজি ছিল, কিন্তু ব্যাপারটি সেসব ছাপিয়ে চেকার থেকে জরিমানা আদায়কারী, নিরাপত্তা প্রহরী থেকে স্টেশন কর্মকর্তা পর্যন্ত গড়ায়। মিস্টার পির জানা ছিল না, পথের দূরত্ব আর ট্রেনের সময় বিবেচনায় একবার প্যাসেজে প্রবেশের পর এক ঘণ্টার বেশি কেউ থাকলে তার এন্ট্রি টাইম পার হয়ে যায়।

তদন্তকারী লোকজন খোঁজ করছিল তার সব যাত্রার সিসি ক্যামেরা ফুটেজ। তাতে স্পষ্ট, স্টেশনের দূরত্ব ও সময় অনুযায়ী অনেকবার তিনি সম্ভাব্য সময়ের চেয়ে অন্তত পনেরো-বিশ মিনিট বেশি অবস্থান করেছেন। দক্ষিণের শুরুর স্টেশন থেকে উত্তরামুখী যাত্রার পরও শেষ স্টেশনে সে বিপরীত দিক থেকে আসা ট্রেনের যাত্রীদের সঙ্গে ফিরেছে। সংকীর্ণ প্যাসেজের সুযোগ নিয়ে যে সে অতিরিক্ত কয়েকটা স্টেশন ভ্রমণ ও সন্দেহজনক কিছু আদান-প্রদান করে, সিসি ফুটেজে তাও হাতে এসেছে তাদের। বিষয়টি গুরুতর!

শুরুতে স্টেশনের ভেতর একটি কক্ষে তাকে প্রশ্ন করছিল রেলপুলিশ। নিতান্তই নাম-পরিচয়, পেশা আর কেন করেছে এমন তার পুনঃপুন ব্যাখ্যা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল সে সব। অকপটেই সব কথাই স্বীকার করছিল মিস্টার পি। ক্ষমাও চাইছিল বারবার। ব্যাপারটি তার অফিসকে জানানোর পর অনিবার্য শঙ্কায় ভুগতে শুরু করছিল। এরপর গোপন বাহিনীর লোক তাকে আরেকটি নিঃশব্দ কক্ষে ডেকে নেয়। সেখানে নৈঃশব্দ্যের ভেতর বসে থেকে মগজের নানা খুপরি থেকে ওরা বিচিত্র গল্প বের করে আনে। শিশুরা যেভাবে আঙুলে ভর দিয়ে গোড়ালি তুলে অনুচ্চ ওয়ার্ডরোবের চেম্বারে অহেতু খুঁটিনাটি হাতাহাতি করে।

অফিস থেকে জানানো হয়, কিছুদিন ধরে তার অস্বাভাবিক আচরণ ও দায়িত্বে অবহেলার বিষয়টি তাদের নজরে পড়েছে। নানা প্রয়োজনের কথা বলে প্রায়ই দুপুরের পর অফিস থেকে বেরিয়ে যেত। বিষয়টি তার লাইনম্যান বস অফিসকে লিখিতভাবে জানিয়েছে। ফলে ওই সময় তিনি কোথায় গেছেন ও কী করেছেন, তা তারা জানে না, দায়ও নেবে না।

গোপনবাহিনীর তদন্তকারী লোকটা মিস্টার পির দিকে সোজা তাকান। তার অফিস মজুত হিসেবে করে দেখেছে, গত পাঁচ মাসে আমদানি করা সাজসজ্জার বহু দামি জিনিস ও প্রসাধনী হারিয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অফিসে থেকে বেরিয়ে গিয়ে সেগুলো বিক্রির পর পার্সেল বিলি করেছেন। তাই তার বিরুদ্ধে চুরির একটি মামলাও করবে তারা।

রাত বাড়ছিল। মিস্টার পি অপেক্ষা করছিল জিজ্ঞাসাবাদ শেষে তাকে দ্রুত ছেড়ে দেবে। তদন্তের লোকগুলোর কাছে ঊর্ধ্বতন কর্মকর্তার মুহুর্মুহু ফোন আসছিল। তারা দ্রুত একটি প্রেস রিলিজ দিতে গিয়ে পুরোনো ড্রাফট বের করে বারবার কাটাছেঁড়া করছে।

সংকীর্ণ প্যাসেজসংলগ্ন কোনো একটা অব্যবহৃত প্রায় গোপন কক্ষে আটকা মিস্টার পির কানে নৈশব্দ্যের তীব্র তীক্ষ্ণ আওয়াজ আসছিল যেন। ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে দেয়ালে ছোঁয়ানো আঙুল সাদা ছোট ছোট টাইলসে ওপর একটি রেখাচিত্র আঁকছিল। আঙুলটি একবার ওপর দিকে উঠে সোজা নিচে নেমে যাচ্ছে, আবার মাঝামাঝি একটি জায়গায় উঠে এসে ডানে একটু ঝুঁকে পড়ছে। সে খেয়াল না করলেও সহজেই বোঝা যাবে, সেটা একটি পি বর্ণ তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডস ২০২৬ পেলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডস ২০২৬ পেলেন যারা

যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডস ২০২৬’-এর বিজয়ীদের নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ বছরের সেরা লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভিনেতা ও লেখক কাইল ম্যাকলাকলান এবং বিশেষ সংগীত পরিবেশন করেন ‘ক্রায়িং ইন এইচ মার্ট’ খ্যাত লেখক ও সংগীতশিল্পী মিশেল জাউনার।

এ বছর কথাসাহিত্য (ফিকশন) বিভাগে ‘প্যারাডিসো ১৭’ উপন্যাসের জন্য পুরস্কার জিতেছেন হান্না লিলিথ আসাদি। এই উপন্যাসে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় এক ফিলিস্তিনি নির্বাসিতের দশকব্যাপী ঘর খোঁজার কাহিনী তুলে ধরা হয়েছে। নন-ফিকশন বিভাগে পুরস্কার পেয়েছেন আবদেলরহমান এলগেন্দি। তাঁর স্মৃতিকথা ‘হুনা: আ মেমোয়ার অব রেভল্যুশন, প্রিজন, অ্যান্ড বিকামিং’ মিসরে সাত বছর রাজনৈতিক বন্দি থাকার অভিজ্ঞতা নিয়ে লেখা। তবে মার্কিন ভিসা না পাওয়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

কবিতা বিভাগে ‘স্টিল হাউস ইন দ্য ডেজার্ট: অ্যান ইকো-কনটেম্প্লেশন’-এর জন্য পুরস্কৃত হয়েছেন ব্রেন্ডা হিলম্যান। অনূদিত সাহিত্যে সেরা হয়েছে স্প্যানিশ ঔপন্যাসিক ভিসেন্তে লুইস মোরার ‘সেন্ট্রোইউরোপা’, যা ইংরেজিতে অনুবাদ করেছেন রাহুল বেরি। এছাড়া কিশোর সাহিত্য বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছেন ডেভিড লেভিথান ও গ্যাব্রিয়েল ডাকেলস ‘দ্য ফাইট অব আওয়ার লাইভস: এইডস ইন আমেরিকা’র জন্য।

অনুষ্ঠানে দুটি বিশেষ আজীবন সম্মাননা প্রদান করা হয়। মার্কিন সাহিত্যে অসামান্য অবদানের জন্য ‘মেডেল ফর ডিস্টিংগুইশড কন্ট্রিবিউশন টু আমেরিকান লেটার্স’ পদক পেয়েছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি এবং সাহিত্য সমাজে বিশেষ সেবার জন্য ‘লিটারারিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন লেখক ও চিকিৎসক পেরি ক্লাস।

উল্লেখ্য, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল বুক ফাউন্ডেশন প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে, যা বিশ্বসাহিত্যে অন্যতম স্বীকৃতি হিসেবে বিবেচিত। এ বছর পাঁচটি বিভাগে বিজয়ীদের প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার ও ব্রোঞ্জের ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সমকালীন বৈশ্বিক রাজনীতি, নির্বাসন ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিমপুর কারাগারে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি পাঠালো কারা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


কাশিমপুর কারাগারে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি পাঠালো কারা কর্তৃপক্ষ

গাজীপুরের কাশিমপুর কারাগারের নিরাপত্তা ও টহল বৃদ্ধি করার জন্য কারা কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরিত একটি আবেদন গাজীপুরের জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাশিমপুর কারা ক্যাম্পাসে মোট চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দি সহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দি অবস্থান করছেন। কারাগারটি সরকারের একটি অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় এর নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। এজন্য চারটি কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বুধবার গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে আবেদন করেছে।

চিঠিটি সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারের বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলে জেলা প্রশাসকের কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিরাপত্তার কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


নভেম্বরের ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহ

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৪ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ ২১৩ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। এ থেকে বোঝা যায়, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বছর ব্যবধানে বেড়েছে ১২ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেরিভেটিভস চালুর উদ্যোগ পুঁজিবাজারের জন্য ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


ডেরিভেটিভস চালুর উদ্যোগ পুঁজিবাজারের জন্য ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এ বাজারের সফলতা রাতারাতি আসবে না। বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মার্কেট মেকার তৈরি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাজারটির উন্নয়ন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজায় ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং নিউ ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক প্রাক্‌-উদ্বোধনী প্রচারাভিযান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই অনুষ্ঠানের আয়োজন করে দেশের প্রথম কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত, কাঠামোগত ও পরিচালনাগত প্রস্তুতি তুলে ধরার জন্য।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ডেরিভেটিভস বাজার চালু হলেই বড় ধরনের লেনদেন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। নতুন এ বাজারের বিকাশের জন্য সময়, ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। প্রাথমিকভাবে সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বাজারে স্বর্ণ, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে বাজারে বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে।

তিনি জানান, শুরুতে লেনদেন নগদ নিষ্পত্তির মাধ্যমে সম্পন্ন হবে। ভবিষ্যতে বাজারের সক্ষমতা বাড়লে সরাসরি পণ্য সরবরাহের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ চালু হতে পারে। কমোডিটি ডেরিভেটিভসের পাশাপাশি শেয়ারভিত্তিক ডেরিভেটিভস চালুর উদ্যোগও নেয়া হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইক্যুইটি ডেরিভেটিভস ও সূচকভিত্তিক ফিউচার চালুর সম্ভাব্যতা যাচাই করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে শেয়ারনির্ভর। বাজারের বহুমুখীকরণ ও পরিধি বাড়াতে নতুন আর্থিক পণ্য চালু করা জরুরি। শুধু শেয়ারনির্ভর বাজার দিয়ে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%