প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘জুলাই শহিদ দিবস’কে কেন্দ্র করে বৃক্ষরোপণ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহিদ আনাস হল চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী।
উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের এই দিনে আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থী-জনতা এবং পুরো বিশ্বকে নাড়া দেয়। বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করতে শহিদ আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। জুলাই শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। শহিদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি ভাইস চ্যান্সেলর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে পঙ্গুত্ববরণ করেছেন তিনি তাঁদের প্রতি সমবেদনা এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতরা পর্যাপ্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পাবেন, এ বিশ্বাস ব্যক্ত করেন তিনি।
জুলাই-আগস্ট-২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়ার সঞ্চালনায় এ সময় সেখানে শহিদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা অধ্যাপক ড. মো. আব্দুল বারী সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহিদ আবু সাঈদ সহ জুলাই অভ্যুত্থানে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন