প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল। কারখানার চারপাশে তেলাপোকা ছিল ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে অভিযান চালিয়ে দ্বারিক ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোর শহরের লালবাজার এলাকায় অবস্থিত প্রাচীন মিষ্টির দোকান দ্বারিক ভাণ্ডারে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী।
দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু শহরের পালপাড়া বড়গাছা মহল্লার মৃত ননী কুন্ডুর ছেলে। অভিযানের সময় আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী জানান, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার সুনাম রক্ষার জন্য লালবাজার এলাকার দ্বারিক ভাণ্ডারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্য এবং মিষ্টি উৎপাদন ও সংরক্ষণে নানা অনিয়ম দেখা যায়। পুরো কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ছিল।
তিনি আরও জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংস এবং কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন