ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘সীমান্তে আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’: জেনারেল সৈয়দ আমির রাজা


‘সীমান্তে আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’: জেনারেল সৈয়দ আমির রাজা

পাকিস্তানের সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন বা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের (সিএনএসসি) প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা।

শনিবার কাকুলে অনুষ্ঠিত পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানের অবস্থান আপসহীন। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাতের কোনো সুযোগ নেই। তবে যদি কোনো পক্ষ ভুল হিসাব করে, তাহলে তার পরিণতি হবে কল্পনাতীত।

জেনারেল রাজা আরও জানান, আধুনিক প্রযুক্তির বিস্তার যুদ্ধের ধরনকে পরিবর্তন করেছে। এই বাস্তবতায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বহুমাত্রিক রূপান্তর কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

তিনি উল্লেখ করেন, অপারেশন সিন্দুরে ব্যর্থতার পর প্রতিপক্ষ প্রক্সি সন্ত্রাসবাদ, অপপ্রচার এবং প্রচলিত যুদ্ধের বাইরের কৌশলের মাধ্যমে পাকিস্তানের সামাজিক সংহতি ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে।

পাকিস্তান শান্তি, সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয় বলেও তিনি জানান। শান্তির প্রতি অঙ্গীকারকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

সূত্র: জিও নিউজ

আরএ

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পোপ চতুর্দশ লিও, যিনি ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় তিনি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলে থাকা একটি শহরে যুদ্ধবিরতির আহ্বান জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভ্যাটিকান সূত্রে জানা যায়, পোপ চতুর্দশ লিও খেরসন অঞ্চলের ওলেশকি শহরের গুরুতর মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বেসামরিক নাগরিকদের স্বেচ্ছায় ও নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ভ্যাটিকানের আকস্মিক ঘোষণায় বোঝা যায়, ডান ফুসফুস থেকে ক্যানসার আক্রান্ত টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেও পোপ তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

গত মঙ্গলবার তার ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরের বাসিন্দারা ক্রমেই ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ছেন।

রুশ ও ইউক্রেনীয় সেনাদের পাল্টাপাল্টি হামলার মধ্যে শহরটিতে খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক শুক্রবার শহরটির পরিস্থিতিকে ‘মরিয়া অবস্থার’ সঙ্গে তুলনা করেন। তিনি বেসামরিক নাগরিকদের শহরটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।

ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন ও পোপের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, ওলেশকির কঠিন মানবিক পরিস্থিতির জন্য ‘কিয়েভের শাসকগোষ্ঠীর দায়দায়িত্ব’ সম্পর্কে পুতিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

ক্রেমলিন আরও জানায়, পুতিন পোপের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি অভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ প্রসারে রাশিয়া ও ভ্যাটিকানের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ২০-২৩ ডিসেম্বর, রুটিন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ২০-২৩ ডিসেম্বর, রুটিন প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হবে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চার দিনব্যাপী এই পরীক্ষা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোদেইদায় হুথিদের অস্ত্র পাচারকেন্দ্রে সৌদি জোটের হামলা, তাইজে চলছে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


হোদেইদায় হুথিদের অস্ত্র পাচারকেন্দ্রে সৌদি জোটের হামলা, তাইজে চলছে তীব্র লড়াই

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদায় হুথি বিদ্রোহীদের অস্ত্র পাচার কার্যক্রমের ওপর বিমান হামলা পরিচালনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) এই হামলাগুলোর ভিডিও প্রকাশ করেছে জোটটি। একই সময়ে, দেশের তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে বিভিন্ন রণাঙ্গনে তীব্র লড়াই চলছে। খবরটি এসেছে আরব নিউজ ও রয়টার্সের মাধ্যমে।

জোটের প্রকাশিত প্রায় ছয় মিনিটের সাদা-কালো ভিডিওতে দেখা যায়, ট্রাক, ছোট নৌযান এবং গুদাম হিসেবে ব্যবহৃত হতে পারে এমন বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলার দৃশ্য। ভিডিওটির শুরুতে হামলার তারিখ ও স্থান উল্লেখ করা হয়েছে। তবে হামলায় কোন ধরনের অস্ত্র বা সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এই বিষয়ে কোনো তথ্য জানায়নি জোট।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করেন। জোটের দাবি, সমুদ্রপথে ইয়েমেনে অস্ত্র এনে উপকূলে নামানো এবং পরে যানবাহনে করে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অস্ত্র পাচারে ব্যবহৃত সামুদ্রিক যান, স্থলযান এবং সংগঠিত চোরাচালান চক্রের বিষয়টিও জোটের প্রকাশিত ফুটেজে তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে হুথিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হোদেইদা, যা ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। বর্তমানে শহরটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, বন্দর ও আশপাশের এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে বাণিজ্যিক কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য পণ্য সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালীও ইয়েমেন সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই জলপথ দিয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে। এর ফলে পরিবহন ব্যয় ও পণ্য পৌঁছানোর সময় বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের সংঘাত চলছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন দিয়ে সামরিক অভিযান শুরু করে। দীর্ঘদিনের এই যুদ্ধে দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও ২০২৬ সালে নতুন করে লড়াই তীব্র হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত আরও বিস্তৃত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হন। হুথিরা হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল সৌদি বাহিনীর সামরিক স্থাপনা। এসব হামলা ও পাল্টা সামরিক তৎপরতায় সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে কয়েকটি ফ্রন্টে তীব্র লড়াই চলছে। ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, তাইজ শহরের দক্ষিণে আল-শাকাব ফ্রন্টের পূর্ব ও পশ্চিম অংশে হুথিদের বড় ধরনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। ভোর থেকে চলা সংঘর্ষে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের দক্ষিণ-পূর্ব দিকে আল-আকরুদ ফ্রন্টের জাবাল দুহাইহ এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। পশ্চিমাঞ্চলের জাবাল হান ও আশপাশের এলাকায় হুথিদের অগ্রসর হওয়ার চেষ্টাও প্রতিহত করা হয়েছে। একই এলাকার আল-দাবাব ফ্রন্টেও সংঘর্ষ চলছে। এসব অভিযানের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাইজের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান, যোদ্ধাদের জমায়েত এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সরকারি বাহিনী। রয়টার্সের ১৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, তাইজ শহর ঘিরে হুথিদের সামরিক চাপ বাড়ছে। শহরটির আশপাশে সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটও তীব্র হচ্ছে। প্রদেশটিতে এক লাখ ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাইজের ভৌগোলিক অবস্থানও সংঘাতের গুরুত্ব বাড়িয়েছে। শহরটি দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ যোগাযোগপথের কাছে অবস্থিত। এখানে হুথিদের অগ্রগতি হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ এবং বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। ফলে হোদেইদায় অস্ত্র পাচার কার্যক্রম লক্ষ্য করে জোটের হামলা এবং তাইজে চলমান লড়াই ইয়েমেনের সামরিক পরিস্থিতির নতুন করে অবনতির ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ফলে হতাহতদের নাম ও পরিচয় শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। দগ্ধ পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিহতদের মধ্যে রয়েছেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

অন্যদিকে, আহতদের মধ্যে রয়েছেন চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন এবং তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজন পড়ে আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মাহমুদ সোহেল এই তথ্য জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটক চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন, তাদের মধ্যে কয়েকজন সকালে বাইরে ছিলেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয় এবং পরে আরো একজনের মৃত্যু হয়। নিহত সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলার কারণে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রিসোর্টটিতে আগুন লাগার ঘটনা ঘটে সকাল ৭টার দিকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%