প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার সুজানগরে এক সময়ের অত্যন্ত জনপ্রিয় বেত ও বাঁশ শিল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে, এলাকা থেকে দিন দিন বেত ও বাঁশঝাড় উজাড় হয়ে যাওয়ার কারণে এই শিল্পটি মুখ থুবড়ে পড়ছে।
উপজেলার মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই জানিয়েছেন, এক সময় উপজেলার গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে বেত ও বাঁশঝাড় দেখা যেত। এসব বেত ও বাঁশঝাড় কখনও প্রাকৃতিকভাবে আবার কখনও ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হতো। সেই সময় উপজেলার প্রায় ২০০টিরও বেশি পরিবার বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। গ্রাম-গঞ্জে তাদের তৈরি বাঁশ ও বেতের দাঁড়িপাল্লা, ধান-চাল ওজন করা কাঠা, ধামা, ঝুড়ি, ডালি, টোবা, খাঁচি, কুলা, চালন ও দোলনাসহ বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক চাহিদা ছিল।
এছাড়া, সে সময় বিত্তবান এবং অভিজাত পরিবারে বেতের তৈরি চেয়ার, টেবিল, সোফাসেট এমনকি খাট-পালংও শোভা পেতো। উপজেলার মানিকদীর গ্রামের বেতশিল্পী মাধব দাস জানিয়েছেন, আধুনিক এবং বিজ্ঞানের উন্নত প্রযুক্তির এই যুগেও বাঁশ ও বেতের তৈরি জিনিসের যথেষ্ট কদর রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পরিচর্যা এবং রক্ষণা-বেক্ষণের অভাবে বাঁশ ও বেতঝাড় উজাড় হয়ে যাওয়ায় তারা চাহিদামতো বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করতে পারছেন না।
এতে বাঁশ ও বেতশিল্পীরা দিন দিন বেকার হয়ে পড়ছেন। এই অবস্থায় অনেকেই পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। তবে এখনও এঁদের মধ্যে ২-৪ জন গ্রাম-গঞ্জ ঘুরে বাঁশ ও বেত সংগ্রহ করে আবার কেউ কেউ দূর থেকে কিনে এনে পৈতৃক পেশায় নিয়োজিত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন