প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত সরকারকে কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের কর্মকাণ্ডে জনগণের সঙ্গে প্রতারণা, সম্পদ লুটপাট, সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার ও ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকার হরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে, দুস্থ অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, অতীতে যত অন্যায় ও অপকর্ম সংঘটিত হয়েছে, প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতে হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ লুণ্ঠন, জনগণের সঙ্গে প্রতারণা এবং মানুষের ওপর নির্যাতনের জন্য প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।
জাহিদ হোসেন বলেন, জনগণ সবকিছু মনে রেখেছে। যদি আপনারা জনগণের কাছে দুই হাত তুলে করজোড়ে ক্ষমা চাইতেন, তাহলে জনগণ বিবেচনা করত আপনাদের ক্ষমা করা যায় কিনা। তাই আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মন্ত্রী বলেন, দয়া করে কেউ আস্ফালন করবেন না, উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং জনগণকে বিপথগামী করার চেষ্টা করবেন না। দেশের মানুষ এখন শান্তি ও স্থিতিশীলতা চায়। জনগণের আবেগ ও ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। তাই আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।
এ সময় দিনাজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেস এগ্রোভেটের এমডি আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, মুক্তি মাহফুজসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন