প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার দেশের মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য আর্থিক সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। চলতি অর্থবছরে দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই কর্মসূচির আওতায় আসছেন। ইতোমধ্যে প্রায় দুই লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন হয়েছে। বাকিদের তালিকাভুক্ত করার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) জানান, আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দির এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এই সুবিধার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য প্রদান করেন তিনি।
প্রতিমন্ত্রী সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, “যে যে ধর্মেরই হোক না কেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ—তাদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে।” এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে বলে তিনি জানান।
যাদের তথ্য এখনও তালিকাভুক্ত করা সম্ভব হয়নি, তাদেরও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মানী প্রদান করা হবে বলে জানান তিনি।
ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামীম কায়সার বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং কর্মসংস্থান সৃষ্টি”—এমন নানা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই চলবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বুঝতে হবে। এ ক্ষেত্রে ধর্মীয় পথ প্রদর্শকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাদরাসা শিক্ষার সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদরাসার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর আদলে মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। তিনি জানান, মাদরাসা শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ দেশি-বিদেশি ধর্মীয় ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন