০৭:৪২ পি.এম
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়ায় একটি পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের বেশি পুরনো তিনটি প্রতিমা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের কোনো এক সময় এই চুরির অভিযোগ ওঠে।
পরদিন বুধবার ভোরে পরিবারের সদস্যরা পূজা দিতে গিয়ে দেখতে পান, মন্দিরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা থানায় ঘটনার কথা জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অজ্ঞাত পরিচয় চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে যুবক শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ
সরেজমিনে দেখা যায়, পারিবারিক মন্দিরটির দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে পূজার সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দরজার পাশে চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়। পাশের দোকানের দরজাও খোলা ছিল এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতের শেষ ভাগে চোরেরা বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ও পূজার মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে তারা দোকানেও চুরি করে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন অনেকে বাড়িটি দেখতে আসেন।
পরিবারের সদস্য কল্লোল চক্রবর্তী হিমু বলেন, "মন্দিরের মূল্যবান বিগ্রহগুলোর বয়স দেড়শ বছরের বেশি। আমাদের পূর্বপুরুষরা সংগ্রহ করেছিলেন।"
আরও পড়ুন: দেয়ালজুড়ে আলপনার মেলবন্ধন, দুর্গাপূজার উৎসবে মেতেছে কোল জনগোষ্ঠী
চুরি হওয়া প্রতিমাগুলোর মধ্যে রয়েছে রাধা-মাধব, রাধা এবং গণেশ। এছাড়া মন্দির থেকে সোনা, রুপা, তামা ও কাঁসার মূল্যবান পূজার সামগ্রীও চুরি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, "এ ছাড়া শীলা, শালগ্রাম শিলা, চূড়া ও বাঁশিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরেরা। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করে আমাদের প্রতিমাগুলো উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন