প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছার সঙ্গে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন (৪৫) ।
তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে গিয়ে হজ পালন করা। সেই স্বপ্ন আজ মঙ্গলবার সকালে সকাল ১০টায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে তিনি নিজ গ্রাম থেকে যাত্রা শুরু করেন।
দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাকে বিদায় জানাতে গ্রামবাসী ভিড় করেন। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য দোয়া করেন।
স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, ‘দুলাল হোসেনের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ কবুল করেন।’
গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক এবং সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন এবং মহান আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।
দুলাল হোসেন বলেন, ‘আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ পালন করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা কামনা করছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন