প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে বিশ্ব এমন একটি পরিস্থিতির মুখোমুখি, যেখানে স্নায়ুযুদ্ধের পর ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত পারমাণবিক সংঘাতের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এই ঝুঁকি হয়তো বেশি হতে পারে।
সংবাদ শিরোনাম থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি কিছুটা কমে এসেছে, কিন্তু স্নায়ুযুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে এই আশঙ্কাও শেষ হয়নি। ১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামনে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার একটি সুযোগ এসেছিল। সেই সময় বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা ছিল মাত্র পাঁচটি। তবে, দেশ দুটি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।
বর্তমানে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে রয়েছে। এই দুই দেশই পারমাণবিক অস্ত্রবিহীন দেশ ইউক্রেন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন।
উদ্বেগের বিষয় হলো, এসব হুমকির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও তা খুব দ্রুত সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যাচ্ছে। তবে আশার কথা, বিশ্ব এই অস্তিত্বসংকটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। গণবিক্ষোভের মাধ্যমে নয়, বরং নীরব বহুপক্ষীয় কূটনীতি এবং নাগরিক সমাজের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিরোধ গড়ে উঠছে।
সম্প্রতি পুতিন ও ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারের নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে। এটি ছিল তিন নেতার মধ্যে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন।
বৈঠকে তারা পুনর্ব্যক্ত করেছেন যে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যুদ্ধ কখনো সংঘটিত হওয়া উচিত নয়। তবে তাদের ঘোষণায় নতুন কোনো বিষয় উঠে আসেনি। শুধু পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
বর্তমানে নতুন প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়া পারমাণবিক অস্ত্রধারী শক্তিগুলোর নিজেদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সেই প্রশ্নটি মানবজাতির সামনে পারমাণবিক বোমা আবিষ্কারের পর থেকেই রয়েছে। আর তা হলো, মানবতার জন্য প্রতিনিয়ত হুমকি হয়ে থাকা এসব অস্ত্রের মোকাবিলা কীভাবে করা হবে?
পারমাণবিক অস্ত্রধারী অল্প কয়েকটি দেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, পারমাণবিক প্রতিরোধনীতি বা ‘নিউক্লিয়ার ডিটারেন্স’ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
শক্তিশালী দেশগুলো চাইলে কোনো প্রমাণভিত্তিক সমর্থন ছাড়াই পারমাণবিক প্রতিরোধনীতির ধারণায় অন্ধভাবে বিশ্বাস করে যেতে পারে। মানুষের আচরণ সম্পর্কে এই তত্ত্ব বারবার বিশ্বকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্যদিকে, দেশগুলো চাইলে চিরতরে এসব অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।
পারমাণবিক প্রতিরোধনীতি মূলত লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা ও সদিচ্ছার ওপর নির্ভরশীল। স্বল্প সময়ের নোটিশে ব্যবহারের জন্য প্রস্তুত অবস্থায় থাকা প্রায় ৪ হাজার পারমাণবিক অস্ত্রের মধ্য দিয়েই এই হুমকি প্রতিনিয়ত বিদ্যমান, যা মানবসভ্যতাকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন