প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি তুচ্ছ ঘটনার জেরে রমজান আলী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ খালপাড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
নিহত রমজান আলী হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার পুত্র। গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সিগারেট খাওয়া নিয়ে রমজান আলীর ছোট ভাই নূর মোহাম্মদ ও স্থানীয় আশিক (১৮) নামের এক যুবকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এর পর ওই দিন দুপুরে আনোয়ার হোসেনের বাড়িতে বসে থাকা রমজান আলীর ওপর আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে রমজান আলী গুরুতর আহত হন।
পরে তাঁকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যাকাণ্ডের চার-পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন