প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটে শীতের আমেজ শুরু হয়েছে। আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ভোরের সোনালি রোদ এবং কুয়াশার লুকোচুরি হিমেল বাতাসের মাধ্যমে শীতের আগমনী বার্তার কথা জানাচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন ফসলের মাঠ, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছায়া দৃশ্যমান হয়েছে।
সকালের ঠাণ্ডা হাওয়া এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে সন্ধ্যা নামলে পাড়া-মহল্লায় ভাপা-পুলি ও বিভিন্ন ধরনের পিঠা তৈরির কাজে মৌসুমি ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে গেছে। ভোরের কুয়াশা, ঠাণ্ডা হাওয়া এবং পিঠা-পুলির জমজমাট আয়োজন শীতকালের আগমনী বার্তার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। কৃষক ও শ্রমিকরা সকালে গরম কাপড়ে আচ্ছাদিত হয়ে ফসলের মাঠে কাজ করছেন। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যার পর হিমেল বাতাসে ঠান্ডার প্রকোপ বাড়ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।
ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগবালাই থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল।
তিনি বলেছেন, ‘ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে’। তাই এখন থেকেই সবাইকে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি খোলা ও বাসি খাবার পরিহার, বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন