প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দর্শকরা দীর্ঘ সময় ধরে ওপার বাংলার জনপ্রিয় দুই তারকা দেব ও জিৎকে আবার বড় পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষায় নতুন করে উসকানি দিলেন দুই সুপারস্টার।
জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেব উপস্থিত হয়ে তাঁর পাশে বসে সিনেমাটি উপভোগ করেন। সেখানে দুজনকে আবার একসঙ্গে সিনেমায় দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা যায়।
২০০৬ সালে ‘দুই পৃথিবী’ সিনেমায় দেব ও জিৎ একসঙ্গে অভিনয় করেছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁদের যুগল উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি।
সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতি সেই পুরোনো নস্টালজিয়াকে যেন ফিরিয়ে এনেছে।
শুক্রবার সন্ধ্যায় প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে সিনেমাটি উপভোগ করেন দুই তারকা। এ সময় তাঁদের আড্ডা, হাসি ও প্রাণখোলা মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে। দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কবে আবার বড় পর্দায় দেব-জিতের যুগলবন্দি দেখা যাবে?
দর্শকদের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন দেব নিজেই। তিনি কোনো রাখঢাক না করে জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূজার পর তাঁদের দুজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
তবে দেবের মতে, একসঙ্গে কাজের আগ্রহ থাকলেই হবে না, প্রয়োজন একটি উপযুক্ত চিত্রনাট্যের। এমন একটি গল্প প্রয়োজন, যেখানে দর্শক আবারও নতুনভাবে অনুভব করতে পারবেন দেব-জিতের পুরনো রসায়ন।
দেবের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই তাঁদের ভক্তরা আশায় বুক বাঁধছেন। ‘দুই পৃথিবী’র পর নতুন কোনো গল্পে দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
এর আগে দেবের ক্যারিয়ারের ২০ বছর উদ্যাপনের আয়োজনে জিতের অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। ‘ধূমকেতু’র বিশেষ প্রদর্শনীতেও তাঁকে দেখা যায়নি। ফলে দুই তারকার সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল।
তবে সেসব আলোচনা যে এখন অতীত, তা জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতিতে আরো স্পষ্ট হয়েছে। জিতের সিনেমার বক্স অফিস আয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখেও ভক্তদের জবাব দিয়েছিলেন দেব। এবার সরাসরি জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে দুই তারকার পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিলেন তিনি।
অন্যদিকে দেবের সঙ্গে আবার সিনেমায় কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জিৎও। সাংবাদিকদের সামনে দেবের আগামী সিনেমার জন্য শুভকামনা জানান তিনি। সেই সঙ্গে দেবের ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ পেলে হাজির হওয়ার কথাও বলেন।
দেবকে আলিঙ্গন করে জিৎ বলেন, ‘দেশু ৭-এর জন্য অনেক শুভেচ্ছা। আমাকে ডাকবে, আমি আবার আসব।’
দুই তারকার এমন উষ্ণতায় ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের তুলনা, প্রতিদ্বন্দ্বিতা আর ভক্তদের পৃথক শিবিরের বাইরে দেব-জিৎ যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সাম্প্রতিক এই মুহূর্ত যেন সেটিই আরো স্পষ্ট করে দিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন