মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫১ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পরিবর্তন এসেছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ এরফান উদ্দিন দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহীনা নাছরিন। তিনি ২০২৪ সালের ৭ নভেম্বর নাসিরনগর ইউএনও হিসেবে যোগদান করেন এবং দীর্ঘদিন উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সম্প্রতি শাহীনা নাছরিনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদোন্নতির তথ্য উল্লেখ করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হিসেবে মোঃ এরফান উদ্দিন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। নতুন ইউএনও হিসেবে তার যোগদানের মধ্য দিয়ে নাসিরনগর উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।
এদিকে নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণের পর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের স্পিকার, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরিত করার পাশাপাশি শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন সাধন করা হবে। তিনি উল্লেখ করেন, তজুমদ্দিনকে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে।" তিনি আরও বলেন, "তাদের বিরুদ্ধে রিজার্ভ চুরি, ‘আয়নাঘর’ নামে কথিত টর্চার সেল পরিচালনা, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।" ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এর প্রতিফলন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, "বাংলাদেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।"
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ করতে পারেনি। তিনি মাদক নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগও তোলেন।
নিজের রাজনৈতিক ও সামরিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, "লালমোহন থেকে সর্বপ্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি। মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক।" তিনি দাবি করেন, তিনি কখনো ধনসম্পদ অর্জনের চেষ্টা করেননি।
মতবিনিময় সভায় স্পিকার তজুমদ্দিনের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তরের আশ্বাসও দেন তিনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন হাওলাদার, অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, একেএম মহিউদ্দিন জুলফিকারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম মতবিনিময় করেছেন। আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সহ-সভাপতি শহিদুল আলম মিয়া মিলন, আমিরুল হক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়ের সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশবাসীকে আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে যেন আর অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, এক সময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যৎ জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী মতের লোকজনের বিরুদ্ধে রক্তের হলি খেলেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
ফরহাদ নগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামের পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রীর এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহারের বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে স্মরণসভার আয়োজন করেছে আমরা বিএনপি পরিবার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম খুনের শিকার বিএনপির হাজারো নেতাকর্মীর পরিবারে এখনও অপেক্ষার শেষ নেই।
বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।
রিজভী আরও বলেন, দুর্শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছিল মানুষ। পুলিশের গুলিতে নিহত হারুনরা মেট্রোরেল, পদ্মাসেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেনি। তাদের স্বপ্ন ছিলো সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এরপর থেকে হারুনের পরিবারের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ এপ্রিল আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সংগঠনের আয়োজনে বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল। মাথা গোঁজার ঠাঁই পেয়ে নিহত হারুনের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার পরিবারে দু:খ ঘুচেছে।
হারুনের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। ২০১৭ সালে বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ খরচে হারুনের বড় মেয়েকে বিয়ে দেন। আরেক মেয়েও বিয়ের উপযুক্ত। তাকেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খরচে বিয়ে দেয়া হবে বলে জানান বিএনপি নেতারা। হারুনের নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলের সব খরচও বহন করছে আমরা বিএনপি পরিবার।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান ও স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের এমপি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
অনুষ্ঠান শেষে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর হারুনের পরিবারকে দেয়া নতুন ঘর উদ্বোধন করে এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এছাড়া বিকেলে পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো এক অসহায় পরিবারকেও নতুন বাড়ির চাবি তুলে দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে অসহায় ওই পরিবারটিকে এ ঘর উপহার দেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বও, ২০২৬ : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে এখনও সার উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি মেরামতের কাজ শেষ হলে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে।
কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এক সপ্তাহের বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছে কারখানা। ইতোমধ্যে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে।’
ইউরিয়া উৎপাদনের প্রধান দুই কাঁচামাল হলো তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইড। গ্যাস সরবরাহ পাওয়ার পর অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। তবে ইউরিয়া প্ল্যান্ট চালুর আগে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করা হবে। এ কারণে ১২ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি।
সিইউএফএলের এক কর্মকর্তা জানান, সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এবং পাইপলাইনে মরিচা পড়ে লিকেজ তৈরি হতে পারে। এসব মেকানিক্যাল সমস্যা সমাধানে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে।
তিনি আরও জানান, সবকিছু অনুকূলে থাকলে সিইউএফএলে দৈনিক ১ হাজার টন ইউরিয়া উৎপাদন হবে। দেশের সার সরবরাহে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমানে সিইউএফএলে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে সরবরাহ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস থেকে নাইট্রোজেনসমৃদ্ধ প্রিল্ড ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।
সার উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিইউএফএল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ