প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি দাবি করেছে যে, পূর্ণাঙ্গ তদন্ত, লাশ ফেরত, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা উচিত।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচআরএসএস জানিয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এটি নিরাপদ অভিবাসন ব্যবস্থার ব্যর্থতারও ইঙ্গিত দেয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে রাশিয়ায় অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও এসেছে। এইচআরএসএস বলছে, নিহত ও নিখোঁজদের প্রকৃত অবস্থা, নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত অপরিহার্য।
সংগঠনটির মতে, প্রবাসী নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মন্ত্রণালয় দুটির গৃহীত পদক্ষেপ ও ব্যর্থতার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। যদি দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
সংগঠনটি দাবি করেছে, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তের মাধ্যমে নিয়োগকারী ও দালালদের দায় নির্ধারণ করা প্রয়োজন। নিহতদের লাশ ফিরিয়ে আনতে এবং নিখোঁজদের সন্ধানে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবারকে ক্ষতিপূরণ, বিমা ও পুনর্বাসন সুবিধা প্রদান করতে হবে। মানবপাচারে জড়িতদের বিচার এবং বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে জনসমক্ষে ব্যাখ্যা দিতে হবে এবং অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন