প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিসের প্রধান আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ নভেম্বর) ভোরে বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বগুড়ার এই বর্ষীয়ান সাংবাদিকের আকস্মিক প্রয়াণে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে তাঁর বাসভবনে গিয়ে সমবেদনা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ জানিয়েছেন, বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর দক্ষিণ বগুড়া গোরস্থান ভাইপাগলা মাজারে তাঁকে দাফন করা হবে।
আবুল কালাম আজাদ দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিসের প্রধান এবং বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন এবং বিএফইউজের কাউন্সিলর ছিলেন।
সততা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলিতে অনন্য এই সাংবাদিকের গ্রামের বাড়ি ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহি এলাকায়। তবে তিনি পরিবার নিয়ে বগুড়া মহানগরের সূত্রাপুর এলাকার রিয়াজকালী লেনে বসবাস করতেন। তাঁর একমাত্র মেয়ে মাঈশা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং ছেলে জারিফ বর্তমানে বগুড়া জিলা স্কুলে অধ্যয়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবকের এমন আকস্মিক বিদায়ে স্বজনদের মাঝে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুর রহমান টুলু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু এবং বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মামুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন