প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাচের ঘুঙুর থেকে গানের মঞ্চ, পাকিস্তানের চলচ্চিত্র থেকে বাংলাদেশের সংগীতাঙ্গন—জীবনের প্রতিটি বাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। প্রতিকূলতা, ঈর্ষা, বয়কট কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই থামাতে পারেনি তার কণ্ঠের জাদু। দশ হাজারের বেশি গান, অসংখ্য সম্মাননা আর কোটি মানুষের ভালোবাসায় আজও তিনি উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল নাম। তিনি রুনা লায়লা। তার জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর।
কিছু কণ্ঠ থাকে, যাদের পরিচয় কোনো একটি দেশ, ভাষা কিংবা সময়ের গণ্ডিতে আটকে থাকে না। কিছু শিল্পী থাকেন, যাদের গান শুনলে প্রজন্মের ব্যবধান ঘুচে যায়, স্মৃতির দরজা খুলে যায়, আর সুরের সঙ্গে মিশে যায় ভালোবাসা। রুনা লায়লা তেমনই একজন শিল্পী। ছয় দশকেরও বেশি সময় ধরে যিনি গানকে করেছেন নিজের জীবন, আর সুর দিয়ে জয় করেছেন দেশ থেকে দেশান্তরের শ্রোতাদের হৃদয়।
বাংলা, হিন্দি, উর্দু কিংবা অন্যান্য ভাষা—যে ভাষাতেই গান গেয়েছেন, সেখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তার কণ্ঠে কখনো প্রেমের কোমলতা, কখনো বিরহের হাহাকার, কখনো উচ্ছ্বাসের ঝলক, আবার কখনো জীবনের গভীর উপলব্ধি। সময় বদলেছে, সংগীতের ধারা বদলেছে, বদলেছে শ্রোতার রুচি; কিন্তু রুনা লায়লার কণ্ঠের আবেদন হারায়নি।
দশ হাজারের বেশি গান গাওয়ার বিরল অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার মতো অর্জন তাকে শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের সংগীত ইতিহাসেরও এক অনন্য অধ্যায়ে পরিণত করেছে। তবে এই সাফল্যের গল্পের শুরুটা ছিল বেশ অন্য রকম।
আজ যাকে কোটি মানুষ সংগীতশিল্পী হিসেবে চেনেন, ছোটবেলায় তার প্রথম ভালোবাসা ছিল নাচ। করাচিতে কেটেছে রুনা লায়লার শৈশবের একটি বড় সময়। বাবা এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা লায়লা মেয়ের নাচের প্রতি আগ্রহ বুঝতে পেরে তাঁকে ভর্তি করিয়ে দেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে।
সেখানে আফরোজা বুলবুলের কাছে চার বছর কত্থক ও ভরতনাট্যম শেখেন তিনি। নাচের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল, তার একটি মজার স্মৃতিও রয়েছে। ছোটবেলায় নানির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে ভাইবোনেরা যখন নিজেদের পছন্দের জিনিস কিনেছিল, রুনা কিনেছিলেন এক জোড়া ঘুঙুর। সেই ঘুঙুর পরে বাড়িময় নেচে বেড়াতেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন