প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীকে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প। তার মতে, যদি সংসদে সংস্কারকামী নতুন কোনো শক্তি প্রধান বিরোধী দল হতো, তাহলে তাদের নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য কঠিন হয়ে পড়তো। কিন্তু জামায়াতের সঙ্গে অতীতের জোট ও পুরনো বোঝাপড়া থাকায় বিএনপির জন্য তাদের বিরোধী দল হিসেবে সামলানো অনেক সহজ হয়েছে।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, জোটের রাজনীতি এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন উল্লেখ করেন, বিএনপি আসলে চায় না যে এনসিপি প্রধান বিরোধী দল হোক। জামায়াতকে প্রধান বিরোধী দল হিসেবে রাখা বিএনপির জন্য প্রয়োজনীয়। এটি বাংলাদেশের মানুষের জন্যও প্রয়োজন ছিল না, এনসিপির জন্যও প্রয়োজন ছিল না; কিন্তু বিএনপির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি ব্যাখ্যা করেন, বিএনপি লাগাতার প্রচার চালিয়ে সংস্কারকে একটি জামায়াতি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, অথচ জামায়াত বাস্তবে কোনো সংস্কারপন্থী রাজনৈতিক দল নয়। জামায়াতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের পুরোনো জোট ও বোঝাপড়া থাকায় বিরোধী দলকে নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য অনেক সহজ হয়ে গেছে। এই কারণেই এটি বিএনপির প্রকল্প।
জামায়াতের রাজনৈতিক উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াত মূলত সরকার পরিচালনা বা সংসদীয় বিরোধী দলের দায়িত্বশীল রাজনীতি করার জন্য উপযুক্ত নয়। তারা বড়জোর একটি সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তবে প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র তাদের মধ্যে অনুপস্থিত।
এনসিপির সম্ভাবনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তিনি চেয়েছিলেন এনসিপি যেন সেই আত্মবিশ্বাস লালন করে যে তারা প্রধান বিরোধী দল হবে এবং জামায়াতসহ অন্যদের নেতৃত্ব দেবে। কিন্তু দলটি শুরু থেকেই সেই আত্মমর্যাদা ও অবস্থান গ্রহণে চরম অনীহা দেখিয়েছে।
নির্বাচনি ফলাফলের ওপর আলোকপাত করে পদত্যাগী এই নেত্রী দাবি করেন, জামায়াত একক শক্তিতে এত আসন পায়নি। এনসিপির উপস্থিতি না থাকলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না এবং চতুর্থ স্তরের দলেই পরিণত হতো। এনসিপির কারণে প্রতিটি আসনে যে ৫ থেকে ১০ হাজার ভোট অতিরিক্ত যুক্ত হয়েছে, মূলত তার ওপর ভর করেই জামায়াত এতগুলো আসনে জয় অর্জন করেছে।
সামান্তা শারমিন আক্ষেপ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনমানুষের মূল আকাঙ্ক্ষা ছিল পুরোনো ঘুনেধরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু এনসিপির মতো সম্ভাবনাময় দল সেই আকাঙ্ক্ষা ভুলে পুরোনো ব্যবস্থার সঙ্গেই আপস ও একীভূত হয়ে গেছে, যার ফলে তারা নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটোই হারিয়ে ফেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন