প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের বক্তব্য তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কোনো ঘটনার কারণে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
জবি ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের জায়গা। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘকাল ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন। এই পরিবেশ বজায় রাখতে সবার ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান দেখানো জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, আবেগ বা উসকানির প্রভাবে কোনো পক্ষেরই এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। যেকোনো জটিল সমস্যা সমাধানের জন্য পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।
একই সাথে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের অধিকার ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন