প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রবিউল আউয়াল ওরফে রবিনকে (২৪) ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-১-এর সহযোগিতায় বিমানবন্দর থানা এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগ রয়েছে, প্রতিবেশী রবিন ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন।
এজাহারে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পাশের এলাকায় গেলে রবিন ইশারায় ওই নারীকে ডেকে একটি তালাবদ্ধ ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে রবিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী নারী ইশারার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। এরপর তার বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকেই রবিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করেন। পরে র্যাব-১-এর সহযোগিতায় ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত এগিয়ে নিতে এবং অভিযোগের বৈজ্ঞানিকভাবে যাচাইয়ের জন্য ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন