শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৯ পি.এম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাতে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। শনিবার (১৯ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় এএফপি।
শুক্রবার বিকেলে কোহাতের ঐতিহাসিক ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলাটি সংঘটিত হয়। হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে কমপ্লেক্সের প্রবেশপথে আঘাত করার পর সেখানে গুলিবর্ষণ শুরু করে। হামলার সময় পুলিশ সদস্য ও তাদের পরিবারের লোকজন কমপ্লেক্সের একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। হামলায় মসজিদ ও কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার পর অন্তত সাত সশস্ত্র ব্যক্তি কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের ছয়জন নিহত হয়েছে। তবে শনিবারও স্পেশাল ব্রাঞ্চ ভবনের একটি অংশে কয়েকজন হামলাকারী অবস্থান করছিলেন বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছিল এবং হামলাকারীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
কোহাত জেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, আহতদের অধিকাংশই পুলিশ সদস্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কোহাতের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পেশোয়ারে পাঠানো হয়েছে।
কোহাত শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার। ওল্ড পুলিশ লাইনস কমপ্লেক্সটি জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পুলিশ সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি), স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটের অফিস রয়েছে। ফলে নিরাপত্তা স্থাপনাটিকে লক্ষ্য করে এ ধরনের সমন্বিত হামলার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট ‘ইত্তেহাদুল মুজাহিদিন’। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সংগঠনটি আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সক্রিয়। পাকিস্তান দীর্ঘদিন ধরে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে বাড়তে থাকা হামলার জন্য আফগান ভূখণ্ডে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। তবে আফগান তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো সবার সহযোগিতায় নগরীকে একটি আধুনিক সিটিতে রূপান্তর করা।
তিনি উল্লেখ করেন, ‘বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতেই বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন।’
আজ শনিবার কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘জনগণকে দায়িত্বসচেতন হতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।’
তিনি উল্লেখ করেন, বুড়িগঙ্গাকে রক্ষায় সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশে যেসব নদী রয়েছে সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এছাড়া, লং মার্চ না করে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বানও জানান এই সিটি প্রশাসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের বাইরে অন্যদের কাছ থেকেও কিডনি দান করা সম্ভব হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
আরো পড়ুন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে। এই উদ্যোগের মাধ্যমে নতুন একটি দ্বার উন্মোচিত হয়েছে। আইনি বাধ্যবাধকতা না থাকার কারণে নিকটাত্মীয়দের পাশাপাশি স্বেচ্ছায় যে কেউ কিডনি দান করতে পারবেন।
তিনি উল্লেখ করেন, ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ের জন্য বেশ কিছু সংস্থা কাজ করছে। আইনগত ভিত্তিগুলো যাচাই-বাছাই করার পর পরবর্তীতে প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হবে। হাসপাতালের একটি টিম রয়েছে, যারা মেডিক্যাল ও অন্যান্য জটিল বিষয়গুলো পর্যবেক্ষণ করে ইমোশনাল ডোনার সঠিক কিনা তা নির্ধারণ করে সিদ্ধান্ত নেন।
আরো পড়ুন
তিনি আরও জানান, কোনো অবস্থাতেই অর্থ লেনদেনের অনুমতি নেই। দীর্ঘ সময় ধরে জটিলতার কারণে কিডনি ট্রান্সফার বন্ধ ছিল। তবে এখন থেকে নিয়মিত কিডনি রোগীরা সেবা পাবেন। এ পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে ট্রান্সফার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : শনিবার ভোরে, কিছু সময়ের জন্য লুক্সেমবার্গ বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল, কারণ অনুমতি ছাড়া কয়েকটি ড্রোন বিমানবন্দরের আশপাশে উড়তে দেখা যায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘বিমানবন্দরের আশপাশে ও পরে রানওয়ে এলাকায় অনুমোদনহীন চালকবিহীন আকাশযান (ইউএএস) শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ রাখা ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।’
কর্তৃপক্ষ জানায়, যাত্রী, বিমানকর্মী, বিমানবন্দরের কর্মী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ বছর বয়সী এক যুবক অপু মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার সময় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রেজাউল ইসলাম।
মৃত যুবক অপু গড়ইখালী এলাকার মাসুম বিল্লাহর পুত্র। তিনি তার মায়ের সঙ্গে ভিলেজ পাইকগাছা এলাকায় বসবাস করতেন। গত তিন মাস ধরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অপু কয়েক দিন আগে প্রচণ্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার রাতে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এদিকে, এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় এক কলেজ শিক্ষকের মৃত্যু ঘটেছে। উপজেলা প্রশাসন, পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহসানারা বিনতে আহমেদ।
তিনি আরও বলেন, "এই সময় অসুস্থ হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত।" তিনি পরিবারের সকল সদস্যকে ডেঙ্গু বিষয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ