প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১ ও এসআরবি-১৫।
গ্রেপ্তার হওয়া কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫)। ওই রাতে চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে পালিয়ে যায়।
এসআরবি আরো জানায়, পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করে সোমবার সকালে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার কবির হোসেনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন