০৯:৪৪ পি.এম
টাঙ্গাইলের ধনবাড়ী যদুনাথপুরে আয়োজিত পথসভায় বক্তব্য দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি উল্লেখ করেন যে, এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না।
আরও পড়ুন: মিঠুন চক্রবর্তীকে ডি লিট দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, সম্মান পাচ্ছেন জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামীও
আজ শুক্রবার ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ফকির মাহবুব আনাম বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণে সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চান। সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করতে চাই।
মন্ত্রী আরও জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না।
তিনি স্থানীয় জনগণকে আহ্বান জানান যে, কোথাও অনিয়ম দেখা দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
আরও পড়ুন: ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া গ্রেফতার
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ধনবাড়ী ও মধুপুরে চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার স্থান হবে না। সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাজে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
এর আগে, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটি ভরাট কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আজ এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন