প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন কড়া মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি বিস্তারিত পোস্টে অভিযোগ করেন যে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ঘাপটি মেরে থেকে দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন যে, আগামী তিন মাস (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) রাজপথে কড়া পাহারা দেওয়ার কোনো বিকল্প নেই।
রাশেদ খাঁন তার পোস্টে শহীদ ওসমান হাদীর প্রসঙ্গ টেনে জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দীর্ঘ সময় ঘাপটি মেরে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে এবং যেকোনো সামাজিক আন্দোলন গড়ে উঠলেই সেখানে তারা ছোবল দেওয়ার অপচেষ্টা করবে। আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ ওসমান হাদীর পথ কি অনুসরণ করতে পারবে জামায়াত-এনসিপি? আর যদি সেটি না করতে পারে তাহলে ধরেই নিতে হবে প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক স্বার্থে তারা শহীদ ওসমান হাদীকে বেচা বিক্রি করে। প্রকৃতপক্ষে জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে যোজন যোজন দূরে।”
শ্রমিক অসন্তোষ এবং মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য মজুরি বোর্ড ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সরকার, মালিক ও শ্রমিক পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে; এককভাবে কারো পক্ষে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
তবে এই প্রক্রিয়ার মাঝেও উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি জাতীয় নাগরিক পার্টি বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক নেতার ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, “তারপরও নাহিদ ইসলাম আন্দোলনকে উস্কে দিতে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন।
তিনি বলেন, ‘অতীতে আন্দোলনে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে।’ এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম শ্রমিকবেশে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। তিনি কি তাহলে আন্দোলনের নামে আওয়ামী দুর্বৃত্তদের সৃষ্ট সেই অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে?”
নিজের পূর্বের বক্তব্যের পুনরাবৃত্তি করে রাশেদ খাঁন দাবি করেন, বর্তমানে বিএনপিকে দুটি বিরোধী দলের অপতৎপরতা সামলে দেশ পরিচালনা করতে হচ্ছে। তিনি লেখেন, “বেশকিছুদিন আগে আমি বলেছিলাম, দুইটা বিরোধীদলের (বর্তমান বিরোধীদল ও পতিত স্বৈরাচার) অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। সেই কথা আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো।
রাজপথে যতবারই আওয়ামী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে আসবে, সেটা শুধু বিএনপিকেই মোকাবিলা করতে হবে, ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না। বরং দুঃখজনক হলেও সত্য যে, জামাত-এনসিপি এখন ক্ষমতায় যাওয়ার মোহে পতিত ফ্যাসিস্ট অপশক্তির সাথে তাল মিলিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় অসহযোগিতা করতে থাকবে।
পোস্টের শেষাংশে স্বস্তি প্রকাশ করে তিনি জানান, সাধারণ শ্রমিকরা উসকানিতে পা না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে লেখেন, “আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন