প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন ও বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত দক্ষ জনবল গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
এই লক্ষ্যে তিনি লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রমকে আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেছেন।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্দেশনা দেন।
সরকারের এক তথ্য বিবরণীতে আজ এ বিষয়টি জানানো হয়েছে।
ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতোমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।
সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্য-সচিব ও লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। দেশে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অভাব পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইনস্টিটিউটের অন্যতম উদ্দেশ্য হলো— সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি, নেগোসিয়েশন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান; দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি; লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের উৎকর্ষ সাধন; আন্তর্জাতিক মান অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়ন; আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি ভাষা শিক্ষা; প্রণীতব্য আইনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ ও নীতি প্রণয়নে সহায়তা এবং ট্রিটি হ্যান্ডবুক প্রণয়ন।
এছাড়া আইন ও চুক্তিসংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার, সম্মেলন ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে ইনস্টিটিউটটি।
প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় ১ হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন