প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকায় মো. নাছির উদ্দিন (৬০) নামে একজন ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবি ও মাদকের বিস্তার রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকার মানুষ সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে।
বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর, এলাকাবাসী চিহ্নিত সন্ত্রাসী শরীফের ফাঁসি দাবি করে সবসময় স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন এবং ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনাস্থলে এসে প্রতিবাদকারীদের কাছে গিয়ে পরিস্থিতি বুঝিয়ে শান্ত করেন।
এরপর এলাকাবাসী সড়ক ছেড়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে চলে যান। সেখানে গিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এলাকাবাসীর পক্ষে মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মো. নাসির উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। হত্যার মূল হোতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে হবে।'
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন বলেন, 'নাছির উদ্দিন নামে একজন ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করি। এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। আমরা এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অত্যন্ত তৎপর রয়েছি। আশা করি হত্যাকাণ্ডের মূল হোতার গ্রেফতার অল্প সময়ের মধ্যে হবে।'
প্রসঙ্গত, গত ১৪ মে চানমারী মাউড়াপট্টি এলাকায় মো. নাছির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামে এক সন্ত্রাসীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন