প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর কৃষকরা আম-লিচুর অনাবাদি পড়ে থাকা বাগান এবং তুলার জমিতে সাথি ফসল হিসেবে আদা-হলুদসহ বিভিন্ন ধরনের মসলা চাষে আগ্রহী হচ্ছেন। একই জমিতে একসঙ্গে দুই ফসল আবাদ করার ফলে খরচ কমিয়ে দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হচ্ছে, যা এই সমন্বিত চাষ পদ্ধতিকে জনপ্রিয় করে তুলছে।
কৃষি বিভাগের সূত্রে জানা যায়, মসলার আমদানিনির্ভরতা কমানোর উদ্দেশ্যে এবং অনাবাদি জমির ব্যবহার বৃদ্ধির জন্য রাজশাহীর বাগানগুলোতে বাণিজ্যিকভাবে মসলা চাষ সম্প্রসারণে জোর দেয়া হয়েছে। সম্প্রতি কৃষিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করেছেন।
চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের কৃষক জানামুল মন্ডল জানিয়েছেন, চার বছর আগে এক বিঘা জমিতে তুলার সাথে হলুদ চাষ করে তিনি ১৪ মণ তুলা এবং ৮০ মণ হলুদ পেয়েছিলেন। ফলন এবং লাভ সন্তোষজনক হওয়ায় প্রতিবছর তিনি তার আবাদি জমির পরিধি বাড়াচ্ছেন। এবারে তিনি সাত বিঘা জমিতে একসঙ্গে দুই ফসলের আবাদ করেছেন। তুলার সাথে হলুদ কিংবা আদা চাষ করলে সার, কীটনাশক ও সেচের খরচ অনেক কমে যায়। ফলে তুলনামূলকভাবে কম খরচে দ্বিগুণ মুনাফা অর্জন সম্ভব হচ্ছে।
রাজশাহী তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, "সাধারণত এককভাবে তুলা চাষ করলে বছরে সাত থেকে আটবার কীটনাশক দিতে হয়। তবে তুলার সাথে হলুদ থাকলে চারবার স্প্রে করলেই চলে। তুলার জন্য ব্যবহৃত সারেই হলুদের পুষ্টি নিশ্চিত হয়, আলাদা সার ব্যবহারের প্রয়োজন পড়ে না। একক চাষে একটি গাছ থেকে প্রায় চারশ গ্রাম হলুদ মিললেও তুলার সাথি ফসল হিসেবে আবাদ করলে গাছপ্রতি এক কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়।"
তিনি আরও জানান, দেশের চাহিদার প্রায় ৯৭ ভাগ তুলাই আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে কৃষকদের প্রদর্শনী প্লট ও কারিগরি সহায়তা দিয়ে হলুদ ও আদা চাষে উৎসাহিত করা হচ্ছে।
এদিকে, পবা উপজেলার কশবা এলাকার কৃষক নাজমুল করিম জানান, তিনি প্রথমবারের মতো লিচু বাগানের ছায়াযুক্ত স্থানে ৭০০ বস্তায় আদা লাগিয়েছেন। তার মতো জেলার বহু কৃষক আম ও লিচু বাগানের ছায়াযুক্ত পতিত জমিতে বস্তায় আদা চাষ করছেন।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর মাটি সরাসরি আদা চাষের উপযোগী না হওয়ায় মাটি, বালু, জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় আদা রোপণ করা হচ্ছে। প্রতি বস্তায় ৬০ থেকে ৭০ টাকা খরচ হলেও বর্তমান বাজারদরে উৎপাদন ব্যয়ের চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "দেশে বছরে শুধু আদাই আমদানি করতে হয় প্রায় দেড় লাখ টন। মসলার আমদানিনির্ভরতা কমানো সরকারের অন্যতম লক্ষ্য। তাই রাজশাহীর ফলবাগান ও পতিত জমিতে সাথি ফসল হিসেবে আদা ও অন্যান্য মসলা চাষ বাড়াতে বহুমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে।"
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩ লাখ ৭৭ হাজার বস্তায় আদা, ২ হাজার ১১৮ হেক্টর জমিতে হলুদ এবং ১৯০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন