প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর রেবা বেগমের (৬৭) জীবন থেকে স্বামী, বসতভিটা এবং সব স্বাভাবিকতা কেড়ে নিয়েছে; তবে আট বছর বয়সি মেয়ে রহিমাকে হারানোর শোক আজও তার মনে গেঁথে আছে।
১৯ বছর ধরে বলেশ্বর নদীর তীরে বেড়িবাঁধে বসে তিনি মেয়ের ফিরে আসার অপেক্ষা করছেন। রেবা বেগমের বিশ্বাস, একদিন তার মেয়ে ফিরে এসে ‘মা’ বলে তাকে জড়িয়ে ধরবে। এই আশা নিয়েই তিনি বেড়িবাঁধ ছেড়ে অন্য কোথাও যাননি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদীর পাশে বেড়িবাঁধে বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। একা বসে থাকা এই বৃদ্ধার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে তার জীবনের এক বেদনাবিধুর অধ্যায়।
একসময় রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার ছিলেন একজন সচ্ছল গৃহস্থ। তাদের বড় বসতবাড়ি ও কৃষিজমি ছিল বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। তাদের সংসার ভালোই চলছিল। সিডরের রাতে আশপাশের অনেক মানুষ তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন; কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ জলোচ্ছ্বাস শুরু হলে প্রাণ বাঁচাতে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। বেড়িবাঁধে ওঠার পর প্রবল স্রোতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তারা।
স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয় কেন্দ্রের কাছে পৌঁছান। পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।
রেবা বেগম জানান, তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে রুমা খাতুনকে পরদিন সকালে একটি গাছের ডাল থেকে উদ্ধার করা হয়। যদিও তিনি বেঁচে গেছেন, স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে রহিমা নিখোঁজ ছিলেন। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর লাশ পাওয়া যায়। কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর স্বামীর লাশ মাটিচাপা দিতে বাধ্য হন তিনি; কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি।
স্বামীকে হারিয়ে দিশেহারা রেবা বেগম এরপর শুরু করেন নিখোঁজ মেয়ের সন্ধান। সেই খোঁজ আর অপেক্ষার ১৯ বছর পেরিয়ে গেছে। মধ্যবয়সি নারী থেকে তিনি এখন শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বরের ভাঙনে হারিয়েছেন কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজনও অন্যত্র চলে গেছেন; কিন্তু মেয়ের ফেরার আশায় তিনি ছাড়েননি সেই বেড়িবাঁধ।
বেড়িবাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরে বসবাস করেন রেবা বেগম। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে যায়, আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন। তার ভয়, অন্য কোথাও চলে গেলে মেয়ে ফিরে এসে তাকে খুঁজে পাবে না।
রেবা বেগম বলেন, ‘সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।’
নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) বলেন, ‘ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধে বসে আছেন। ১৯ বছরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে। আমাদের জমিজমা ও বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। আমার বিয়ে হয়েছে অন্যত্র; কিন্তু মাকে একা রেখে যাওয়ার মতো কেউ নেই। তাই বাধ্য হয়ে মায়ের জন্য এই বেড়িবাঁধেই ঘর বেঁধে থাকতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঝড় এলে ঘর ভেঙে যায়, তখন ভয় লাগে। মাঝে মাঝে বড় জোয়ারে ঘরে পানি ওঠে। তবু মা এখানেই থাকেন, রহিমা ফিরে আসবে—এই আশায়।’
রহিমার মামা গফুর পঞ্চায়েত বলেন, ‘আমরাও চাই রহিমা ফিরে আসুক। অনেক শিশু সিডরের সময় নিখোঁজ হয়েছিল। বিভিন্ন সংস্থা তাদের উদ্ধার করে নিয়ে গেছে। বড় হয়ে কেউ কেউ আবার শিকড়ের সন্ধানে ফিরে এসেছে। রহিমাও একদিন ফিরে আসবে—এই আশাতেই দিন কাটছে আমার বোনের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন