প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অর্জনের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে যুক্ত করে নতুন ধারার শিক্ষা প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক উল্লেখ করেন, সরকার শিক্ষাকে নতুনভাবে সাজাতে চায়। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডিতে আটকে না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’
শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়নের পরিবর্তে পাসের হার বাড়ানোর প্রবণতা দেখা গেছে। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকে গুরুত্ব দিতে চায়। কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তাদের মূল্যায়ন করা হবে।
মিরপুর সায়েন্স কলেজের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে আমিনুল হক বলেন, শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। তবে শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণেরা নানা ধরনের সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমিনুল হক বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন