০৬:০০ পি.এম
বরিশালের আগৈলঝাড়ায় কাওসার খলিফা নামের এক ইজিবাইক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসী। প্রায় ৫ কেজি ওজনের বোমাসহ মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে কাওসারকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। বুধবার দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজার যাচ্ছিল কাওসার। এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ করেন এবং কাওসারকে গাড়ী থামাতে বলেন। কিন্তু কাওসার ইজিবাইকটি থামাতে না পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকের পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ খানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাওসার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসআরবি বোম নিষ্ক্রিয়কারী ৬ জনের একটি দল ঢাকা থেকে বরিশাল এসে ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে বোমাটি নিষ্ক্রিয় করে।
আরও পড়ুন: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু
এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার এসআই আলামিন বাদী হয়ে কাওসার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি কাওসারকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে কাওসারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এদিকে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।
এমএইচ
আরও পড়ুন: বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন