বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২২ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন পাঁচটি ইউনিয়নে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা।
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব কমিটির ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে জিনজিরা ইউনিয়নে আহ্বায়ক হিসেবে ওমর শাহ নেওয়াজ এবং সদস্যসচিব হিসেবে মো. আজাদ হোসেনকে নিয়ে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তেঘরিয়া ইউনিয়নে হাজী সামিউল্লাহকে আহ্বায়ক ও জুয়েল মোল্লাকে সদস্যসচিব করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কোন্ডা ইউনিয়নে আফজাল শিকদারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শাহিন রহমানকে সদস্যসচিব করে তিন সদস্যের, আগানগর ইউনিয়নে আসাদুর রহমান সফুকে আহ্বায়ক ও ইমান উল্লাহ মাস্তানকে সদস্যসচিব করে ছয় সদস্যের এবং শুভাঢ্যা ইউনিয়নে আলী হোসেন আলীকে আহ্বায়ক ও মাহবুব আলম মামুনকে সদস্যসচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এসব আংশিক কমিটির মেয়াদ তিন মাস। আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে জমা দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে এক প্রতিযোগিতামূলক লড়াইয়ের লক্ষণ দেখা যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি, এই লড়াইয়ে অংশগ্রহণ করছে। চেলসির তরুণ এক তারকাকে দলে ভেড়ানোর জন্য মুখোমুখি অবস্থানে রয়েছে এই দুই ক্লাব।
জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘টকস্পোর্টে’র তথ্য অনুযায়ী, ২৩ বছর বয়সী ফরাসি রাইট-ব্যাক মালো গুস্তোকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি এই ডিফেন্ডারকে একটি উচ্চমানের খেলোয়াড় হিসেবে বিবেচনা করছে এবং তার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ার বিষয়ে চেলসি কর্তৃপক্ষকে জানানো পর, গুস্তোকে দলে ভেড়ানোর জন্য ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও লিভারপুল এবং ইতালীয় ক্লাব এসি মিলান ও কোমো নজর দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, গুস্তোর জন্য চেলসি প্রায় ৮ কোটি ইউরো (৮০ মিলিয়ন ইউরো) দাম নির্ধারণ করেছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে তাঁর সম্ভাব্য ট্রান্সফার ফি ৭ কোটি ৫০ লাখ পাউন্ড (৭৫ মিলিয়ন পাউন্ড) বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, মালো গুস্তো ২০২৩ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব লিওঁ থেকে চেলসিতে যোগ দেন। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত রয়েছে।
ফুটবলবিষয়ক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে গুস্তোর বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ ইউরো (৩৫ মিলিয়ন ইউরো), যা চেলসির চাওয়া দামের তুলনায় অনেকটাই কম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন উপজেলার কলিয়া, ধামশ্বর ও চকমিরপুর ইউনিয়নের ২৭ জন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজার। শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে ট্যাব প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, "ফ্যামিলি কার্ড প্রকল্পটি বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী অঙ্গীকার। এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্য সংগ্রহকালে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভুল করা যাবে না।"
তিনি আরো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "তথ্য সংগ্রহ ও কার্যক্রমে শতভাগ সঠিকতা নিশ্চিত করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেন কিংবা আইন লঙ্ঘন করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান এবং মানিকগঞ্জ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহ, নিবিড় যাচাই-বাছাই এবং সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পটি শতভাগ স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম আরিফ (৪৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সুপ্তি আক্তার (১১)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের উপকণ্ঠে ওয়াপদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সার ব্যবসায়ী আরিফুল ইসলাম তার মেয়ে সুপ্তিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। ওয়াপদা মোড় অতিক্রম করার সময় রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় আরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং তার মেয়ে সুপ্তি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা সুপ্তিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দ্রুতগতির বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে রেলক্রসিংয়ের কাছে ফেলে দেয়।
আহত সুপ্তি সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষিকা।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ওয়াপদা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এর ফলে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ব্যবসায়ী এবং রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনারের বিরুদ্ধে তার সাবেক গৃহকর্মী মামলা দায়ের করেছেন। এই মামলায় কর্মক্ষেত্রে হয়রানি ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী গৃহকর্মী দাবি করেছেন যে, তাকে একবার প্রায় এক ঘণ্টা আলমারির ভেতরে আটকে রাখা হয়েছিল।
মানিকন্ট্রোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি সাবেক গৃহকর্মী কাইলির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। অভিযোগপত্রে কর্মক্ষেত্রে হয়রানি এবং শ্রমসংক্রান্ত বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া কাইলির আলমারি এবং ওই কর্মীর সুপারভাইজারকে কেন্দ্র করে একটি ঘটনার বিবরণও প্রকাশ করা হয়েছে।
সাবেক গৃহকর্মী অভিযোগ করেছেন যে, একপর্যায়ে তাকে প্রায় এক ঘণ্টা আলমারির ভেতরে আটকে রাখা হয়েছিল। তবে কাইলি জেনারের এই ঘটনার বিস্তারিত বিবরণ এবং অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
এটি গত সাত মাসে কাইলির বিরুদ্ধে দায়ের হওয়া চতুর্থ মামলা। নতুন এই অভিযোগের পর আবারও আইনি জটিলতায় পড়েছেন এই তারকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ