প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান বলেন, দায়িত্ব পালনে সমন্বয়হীনতার অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছেন।
রবিবার (৯ আগস্ট) তার পদত্যাগপত্র জাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে তিনি জমা দেন। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
জিসান তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, 'দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে আমার সঙ্গে যথাযথ সমন্বয় না করে সিদ্ধান্ত গ্রহণ, আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রশাসনিক প্রভাবের কারণে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মর্যাদা আমি সবসময় পাইনি।'
তিনি আরও বলেন, 'বিশেষ করে সাম্প্রতিক একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং অনুষ্ঠান চলাকালে আমাকে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে বাধ্য করা এবং এর কারণে সৃষ্ট হট্টগোলের ঘটনা আমাকে গভীরভাবে হতাশ করেছে। এছাড়াও এই ঘটনার জন্য মঞ্চে আমাকে দুঃখ প্রকাশ করার ক্রমাগত চাপ প্রয়োগ করা হয়েছে।'
জিসান বলেন, 'একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের প্রভাবাধীন হয়ে কাজ করতে পারেন না।'
তিনি তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আরও বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমার নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে এই পদে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।'
এর আগে, ৬ আগস্ট রাতে জাবির সেলিম আল-দীন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসানকে উপস্থাপনা করতে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব উপস্থাপনা করেন বলে জানা যায়।
অনুষ্ঠানে জাকসুর ভিপি, ছাত্রদলের আহ্বায়কসহ একাধিক ছাত্রদল নেতার নাম ঘোষণা করাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয় বলেও জানা গেছে। এ ঘটনায় জিসানকে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগও উঠেছে।
উল্লেখ্য, বর্তমানে জাকসুর অধিকাংশ নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন