প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) ১৫ থেকে ২৫ বছর ধরে কর্মরত ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণ ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে আন্দোলনে নেমেছেন। চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় তারা স্থায়ী জনবল কাঠামো গঠন, চাকরির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য ১৩ দফা দাবি জানিয়েছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ তাদের দাবি তুলে ধরেন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া লিখিত বক্তব্যে বলেন, সংস্থাটির ‘রুরাল ইকোনমিক অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (রেলি) প্রকল্পে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার পর বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার হওয়ায় প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি এবং তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।
তিনি আরও বলেন, সরকারি অর্থায়নে ২০২৬ সালের ২৯ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রেলি প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। প্রকল্পের মেয়াদ শেষ হলে মাঠপর্যায়ে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের কর্মজীবনের অবসান হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
মানববন্ধন থেকে নতুন প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত রেলি প্রকল্পের কর্মীদের জন্য প্রয়োজনীয় অর্থায়নসহ চাকরির মেয়াদ বৃদ্ধি, অর্থসংস্থান নিশ্চিতকরণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী জনবল কাঠামো প্রণয়নের জোর দাবি জানানো হয়।
ঐক্য পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রকল্পান্তর পদায়ন, সাম্প্রতিক অনিয়ম সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিয়োগ-বাণিজ্য ও কেনাকাটায় দুর্নীতি বন্ধ, পদোন্নতিতে স্বজনপ্রীতি রোধ এবং মাঠপর্যায়ের কর্মীদের হয়রানি বন্ধ করা। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারী নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন