প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে গিয়ে হাজার হাজার নাগরিক ভোগান্তিতে পড়ছেন। কারো নাম ভুল, কারো জন্ম তারিখ, আবার কারো বাবা-মায়ের পরিচয়ে রয়েছে ভুল। এসব সংশোধনের জন্য বছরের পর বছর নির্বাচন কমিশনের (ইসি) দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান মিলছে না।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় এক লাখ ২৪ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অনেক আবেদন একাধিকবার বাতিল হওয়ার পর পুনরায় করা হয়েছে।
এনআইডির ভুলের কারণে চিকিৎসা, পাসপোর্ট, সন্তানের শিক্ষাগত সনদের সঙ্গে তথ্যের মিলসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ভুক্তভোগীরা। অন্যদিকে নাম ও বয়সের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনে জালিয়াতির আশঙ্কা থাকায় ইসি সতর্কতার সঙ্গে আবেদন যাচাই করছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সম্প্রতি ৭৬ বছর বয়সী উজ্জ্বল রানী সাহা জানতে পারেন যে তাঁর এনআইডি সংশোধনের আবেদন বাতিল হয়ে গেছে। ২০১৭ সালে আবেদন করার পরেও সংশোধন না হওয়ায় তিনি শেষ পর্যন্ত লাঠিতে ভর দিয়ে নির্বাচন ভবনে যান।
উজ্জ্বল রানীর অভিযোগ, তাঁর এনআইডিতে জন্ম তারিখ, নিজের ও স্বামীর নামের বানানে ভুল রয়েছে। এসব ভুলের কারণে তিনি পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারেননি। ফলে ভারতে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানোও সম্ভব হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও সংশোধন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
একই ধরনের ভোগান্তিতে পড়েছেন শহিদুল ইসলাম। তাঁর এনআইডিতে নিজের নামের জায়গায় লেখা হয়েছে মাকসুদুর রহমান। পিতা-মাতার নামও ভুল রয়েছে। ২০২৪ সালে সংশোধনের আবেদন করে তদন্তে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরও সমাধান না পেয়ে চলতি বছরের জুনে ইসি সচিবের কাছে আপিল করেছেন তিনি।
মনির হোসেনের এনআইডিতে তাঁর ফুফাতো ভাইয়ের নাম, পরিচয় ও বয়স যুক্ত হয়েছে বলে অভিযোগ। ভুল সংশোধনে পুরনো ছবিযুক্ত পরিচয়পত্রের প্রমাণ চাওয়ায় ১৯৯৭ সালে নেওয়া টিঅ্যান্ডটির ল্যান্ডফোন সংযোগের নথি খুঁজে জমা দিতে এসেছেন তিনি। শাকিল হোসেনের আবেদনও দুবার বাতিল হয়েছে। ২০২৩ সাল থেকে সংশোধনের জন্য তিনি ঘুরছেন।
এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) সাইফুল ইসলাম জানিয়েছেন, মহাপরিচালকের এখতিয়ারভুক্ত ৬৯ হাজার ২৫২টি আবেদনসহ সারা দেশে প্রায় এক লাখ ২৪ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসবের বড় অংশ নাম ও বয়স সংশোধনের আবেদন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পুরো নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়, কারণ এসব তথ্য পরিবর্তন করে কেউ অসৎ সুবিধা নিতে পারেন।
এনআইডি মহাপরিচালক এইচ এম আনোয়ার পাশা জানান, প্রতি মাসে প্রায় সাড়ে ১২ হাজার আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। প্রতিটি আবেদন দফায় দফায় যাচাই করা হয়। এভাবে কাজ চললে আগামী কয়েক মাসে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা অনেক কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন