প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকা দীর্ঘকাল ধরে বায়ুদূষণের সমস্যার মুখোমুখি হচ্ছে। সর্বশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী শনিবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকার স্কোর ছিল ১৫৫। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান অস্বাস্থ্যকর। একই সময়ে, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।
দূষিত শহরের তালিকায় ৩৫৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শীর্ষে রয়েছে। ভারতের দিল্লি ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে, কলকাতা ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে, আয়ারল্যান্ডের ডাবলিন ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তালিকা প্রকাশ করে থাকে। তাদের তৈরি একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচকটি একটি নির্দিষ্ট শহরের বায়ুর অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে, যা মানুষের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এবং এটি সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ বিশেষভাবে ক্ষতিকর।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ভিত্তিতে, যা হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন