প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে সাংবাদিক মো. রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজুল রিয়াজকে মোবাইল ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াহিদ শেখ দুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
রোববার (৮ নভেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ২৪ মিনিটে সাংবাদিক রিয়াজুলের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করে পরিচয় জানতে চাইলে অপর প্রান্তের ব্যক্তি পরিচয় না দিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে সাংবাদিকতা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং আগামী সাত দিনের মধ্যে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ৫ নভেম্বর ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় গৌরব সিকদার নামে এক তরুণ ও তাঁর নারী বন্ধুকে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিপুল অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগের তথ্য অনুসন্ধানে যান সাংবাদিক রিয়াজুল। এ সময় অভিযুক্তদের কাছ থেকে প্রত্যাশিত তথ্য না পাওয়ার পরদিন তাঁকে ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।
অভিযোগে কলদাতা হিসেবে ওয়াহিদ শেখ দুলের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছোনপচা এলাকার বাসিন্দা। তাঁর সহযোগীদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিক রিয়াজুল ইসলাম দৈনিক ‘বাংলা ৭১’ ও ‘উত্তরাধিকার ৭১ নিউজ’-এর বিশেষ প্রতিনিধি এবং ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাহান।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে সংবাদ অনুসন্ধান ও পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
অভিযোগকারী সাংবাদিক জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ওয়াহিদ শেখ দুলুর সাথে মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক রিয়াজুল এর সাথে কিছু বিষয়ে কথা বলেছি,এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে কিছু কথা বলেছি বলে স্বীকার করেন।।।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন