প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশগত সংকট মোকাবিলার উদ্দেশ্যে সচেতনতা, প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রীন ভয়েসের উদ্যোগে ‘Environmental Crisis to Resilient Future: Awareness, Preparedness and Action’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ও গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. মো. ইকবাল সারওয়ার।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অনিক সরকার।
কর্মশালায় অধ্যাপক ড. মো. ইকবাল সারওয়ার দুর্যোগ বিষয়ে সচেতনতা, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ভূমিকম্প ও জলাবদ্ধতার মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, করণীয় এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি প্লাস্টিকের ব্যবহার কমানো, মাটির ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকের স্ট্র ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সমস্যা মোকাবিলায় সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাংলাদেশের পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্যের ওপর পরিবেশগত পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয় তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে অনিক সরকার বলেন, পরিবেশগত সংকট এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্য হ্রাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের ভবিষ্যৎকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু আলোচনা বা সচেতনতা তৈরি করাই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত দায়িত্ববোধ, সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ।
কর্মশালার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও আলোচকদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন